প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট হবে। কোন ইউনিয়নে কবে ভোট হবে, তার পূর্ণ তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, আজকের কমিশন সভায় আমরা মূলত একটি এজেন্ডা নিয়ে আলোচনা করেছি। সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিভিন্ন ধাপের সংখ্যা চূড়ান্তভাবে নির্ধারণ।

তিনি বলেন, দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে নির্বাচন হবে।

পঞ্চম বা শেষ ধাপে ইউনিয়নের সংখ্যা কম রাখার কারণ হিসেবে ইসি সানাউল্লাহ বলেন, আইনি জটিলতায় যেসব ইউনিয়নের নির্বাচন এখন বিলম্বিত হচ্ছে, সেগুলো নিষ্পত্তি হলে অথবা অন্য কোনো জটিলতা দেখা দিলে যাতে শেষ ধাপে সমন্বয় করা যায়, সেজন্যই এই ধাপে সংখ্যা কম রাখা হয়েছে।

তিনি আরও জানান, ধাপভিত্তিক এই সংখ্যাগুলো সম্ভাব্য। কোন ধাপে কোন কোন ইউনিয়নে ভোট হবে, তা নামসহ বৃহস্পতিবার ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এদিকে ভোটের প্রস্তুতির অংশ হিসেবে ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ বিষয়ে এই কমিশনার বলেন, জাতীয় নির্বাচনের মতোই আমরা একটি ডায়লগ করবো এবং এই ডায়লগটা আগামী ১০ ডিসেম্বরের আগেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, এ মাসের শেষ ভাগে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

কোন আইনে এবারের ইউপি নির্বাচন হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, যেদিন তফসিল ঘোষণা হবে, সেদিন বিদ্যমান যে আইন থাকবে, সেটা অনুযায়ী নির্বাচন হবে।

স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখনো আলোচনা হয়নি এবং এমন কোনো দাবিও কমিশনের কাছে আসেনি।

তিনি আরও বলেন, আমাদের দরকারটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা, যাতে করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সেটার জন্য যা প্রয়োজন, নির্বাচন কমিশন তাই করবে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর কমিশন সভা শেষে ইসি জানিয়েছিল, পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। এর আগে গত সেপ্টেম্বরে সাত ধাপে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছিল কমিশন। পরে সময় কম থাকায় ধাপ কমিয়ে পাঁচটি করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৫৭   ১ বার পঠিত  







ছবি গ্যালারী’র আরও খবর


বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত
২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে : শিক্ষামন্ত্রী
স্পীকারের সঙ্গে মানবাধিকার বিষয়ক ককাস এবং জাতিসংঘের মিশন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ
অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো
সংসদ সচিবালয়ের আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে ইউএনডিপির সহযোগিতা কামনা
সংসদীয় সাব কমিটির বৈঠকে মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ প্রসব নিশ্চিতে গুরুত্বারোপ
যুবদলের মিছিল দেখে “জয় বাংলা” স্লোগান, ভ্যান চালককে ধরে পুলিশে দিল নেতাকর্মীরা
১৭ বছরের লুটপাট ও অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের চিত্র জাতিকে বোঝাতে না পারাটাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ