সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রথম পাতা » খেলাধুলা » ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



ক্রুপির প্রথম গোলে নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

তরুণ ফরোয়ার্ড এলি জুনিয়র ক্রুপি ফ্রান্সের হয়ে ক্যারিয়ারের প্রথম গোল করেছেন। তাঁর গোলে রোববার তুরস্ককে ২-১ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স।

গ্রুপ ‘এ১’-এর শেষ ম্যাচে আগামী মার্চে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিত করতে ফ্রান্সের প্রয়োজন ছিল মাত্র এক পয়েন্ট। বোর্দোতে বিরতির পরপরই এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় তারা।

ম্যাচের এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ব্র্যাডলি বারকোলার বদলি হিসেবে মাঠে নামেন বোর্নমাউথের ২০ বছর বয়সী ফরোয়ার্ড ক্রুপি। রায়ান শেরকির পাস থেকে গোল করে ফ্রান্সের ব্যবধান ২-০ করেন তিনি। শেষ মুহূর্তে তুরস্কের হয়ে একটি গোল শোধ করেন আবদুলকেরিম বারদাকচি।

ম্যাচ শেষে ক্রুপি বলেন, ‘প্রথমে ভেবেছিলাম আমি অফসাইডে ছিলাম। কিন্তু যখন দেখলাম গোলটি বৈধ হয়েছে, তখন অনুভূতিটা ছিল অসাধারণ।’

চোটের কারণে মৌসুমের প্রথম দুই মাস মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ড আরও বলেন, ‘অবশ্যই চোটের কথা আমার মনে পড়ছিল। আশা করি, সেই কঠিন সময় পেছনে ফেলে এসেছি এবং এখন সামনে এগিয়ে যেতে পারব।’

এই জয়ে বৃহস্পতিবার ইতালির মাঠে ৩-১ গোলে হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে জিনেদিন জিদানের ফ্রান্স। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে শেষ করেছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়াম ব্রাসেলসে পিছিয়ে পড়েও ইতালিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

জিদান বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল কোয়ার্টার ফাইনালে ওঠা, সম্ভব হলে গ্রুপের শীর্ষে থেকে। আমরা সেই লক্ষ্য অর্জন করেছি। তবে দলের পারফরম্যান্স নিয়ে আমি কিছুটা দ্বিধায় ছিলাম।’

তিনি আরও বলেন, ‘বিরতির সময় আমরা কিছু বিষয় সংশোধন করেছি। বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি। তবে এখনো কিছু জায়গায় উন্নতি করতে হবে।’

গত বছরের ব্যালন ডি’অরজয়ী সসমান দেম্বেলেসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের চোটের কারণে ভুগছে ফ্রান্স।
তবে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে ফিরেছেন। গত সেপ্টেম্বরে জিদানের অভিষেক ম্যাচে তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল করার পর ফ্রান্সের হয়ে শেষ চার ম্যাচে খেলেননি তিনি।

রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার সম্পর্কে জিদান বলেন, ‘আজ যতগুলো গোলের সুযোগ সে পেয়েছে, তাতে আমার মনে হয় হ্যাটট্রিক করাই তার প্রাপ্য ছিল। বল ছাড়া তার খেলাও আমার ভালো লেগেছে। অধিনায়কের দায়িত্ব সে অসাধারণভাবে পালন করেছে।’

জিদানের জন্য ম্যাচটির বিশেষ তাৎপর্য ছিল। ১৯৯০-এর দশকে বোর্দোতে খেলেই ফুটবলার হিসেবে পরিচিতি পান তিনি। পরে জুভেন্টাসে যোগ দেন এবং ১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এই শহরে তাঁর প্রত্যাবর্তন ম্লান করে দেওয়ার উপক্রম করেছিলেন তুরস্কের গোলরক্ষক বেরকে ওজের। একের পর এক দারুণ সেভ করে ফ্রান্সকে হতাশ করেন তিনি।

তবে ৪৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে আদ্রিয়েন রাবিওর বাড়িয়ে দেওয়া বল বেসিকতাসের ডিফেন্ডার তোপচুর গায়ে লেগে জালে ঢোকে।

গত সপ্তাহের শুরুতে মার্কাস থুরাম চোটের কারণে দল থেকে ছিটকে গেলে শেষ মুহূর্তে জাতীয় দলে ডাক পান গত মৌসুমে বোর্নমাউথের হয়ে প্রিমিয়ার লিগে ১৩ গোল করা ক্রুপি।

ইতালির বিপক্ষে বদলি হিসেবে নেমে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। এরপর ৮০ মিনিটে শেরকির সঙ্গে দারুণ সমন্বয়ে ফ্রান্সের হয়ে প্রথম গোলটি করেন ক্রুপি।

শেষ পর্যন্ত ওই গোলটিই জয়ের ব্যবধান গড়ে দেয়। ৯০ মিনিটে বারদাকচি তুরস্কের হয়ে একটি গোল করলেও হার এড়াতে পারেনি দলটি। ছয় ম্যাচের সবকটিতেই হেরে গ্রুপ পর্ব শেষ করেছে তুরস্ক।

বাংলাদেশ সময়: ১৬:৫২:০২   ৫ বার পঠিত