![]()
দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়াতে মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান।
মন্ত্রী আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ৯টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এতে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।
৯টি মাইক্রোবাসের মধ্যে ৬টি দেওয়া হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া, ২টি দেওয়া হয়েছে রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
এ উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বাড়বে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরো জোরদার হবে।
উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন। এসময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব মোঃ সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮:১১:৫৩ ৭ বার পঠিত