সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’

জাতীয় সংসদের চলতি অধিবেশনের কার্যকাল আর মাত্র দুদিন বাকি। এর মধ্যেই গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে আলোচনার জন্য উত্থাপিত একটি গুরুত্বপূর্ণ নোটিশ কার্যতালিকা থেকে বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান।

তিনি বলেছেন, গার্মেন্টস শিল্পের সংকট কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়। এটি দেশের জাতীয় স্বার্থ ও শিল্পের অস্তিত্বের সঙ্গে জড়িত। তাই জাতীয় স্বার্থে কোনো অবস্থাতেই নোটিশটি অধিবেশন থেকে বাদ দেওয়া উচিত হবে না।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, গার্মেন্টস শিল্পের সংকট সমাধানে বিরোধী দলের সংসদ সদস্য নাজিবুর রহমানের আনা নোটিশটি নিয়ে গত দুই দিন আলোচনা হয়নি। অথচ আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে স্পিকার তা স্থগিত ঘোষণা করেন। আজকের কার্যতালিকাতেও বিষয়টি না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তিনি বলেন, অধিবেশনের শেষ সময়ে সংসদের কার্যক্রম ও অন্যান্য প্রক্রিয়ার চাপ থাকে। সে কারণে মঙ্গলবারই বিষয়টি আলোচনার কার্যকর সুযোগ। তাই শেষ দিনে যেন আলোচনার সুযোগ থেকে বঞ্চিত হতে না হয়, সে জন্য স্পিকার ও সংসদ সচিবালয়ের কাছে স্পষ্ট ব্যাখ্যা চান তিনি।

ড. শফিকুর রহমান বলেন, জনগণের স্বার্থেই বিরোধী দল সংসদে কথা বলতে এসেছে। সরকারের যেমন এ বিষয়ে দায়িত্ব রয়েছে, বিরোধী দল হিসেবেও তাদের দায়বদ্ধতা রয়েছে। তাই মঙ্গলবারের কার্যতালিকা বা আলোচ্যসূচিতে গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে আলোচনার বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে ডেপুটি স্পিকার বলেন, গত বুধবারের আলোচনার পরিপ্রেক্ষিতে রোববার বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছিল। তবে স্পিকার তা স্থগিত ঘোষণা করেছেন। এ বিষয়ে পরে যোগাযোগের মাধ্যমে সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

ডেপুটি স্পিকার আরও বলেন, আজকের কার্যতালিকায় বিষয়টি না থাকায় এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে তা নিয়ে কিছু বলার সুযোগ নেই। এ ছাড়া কার্যপ্রণালি বিধি অনুযায়ী, ৩০০ বিধিতে কোনো বিষয়ে বিবৃতি দেওয়ার পর একই বিষয়ে আর আলোচনার সুযোগ থাকে না।

সংসদের চলতি অধিবেশনের শেষ পর্যায়ে গার্মেন্টস শিল্পের সংকট নিয়ে এই আলোচনা হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৫   ৫ বার পঠিত