মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় সদস্য গ্রেফতার, আদালতে প্রেরণ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

​গ্রেফতারকৃত রাসেল মাহমুদ (২৭) সরিষাবাড়ী উপজেলার ভেবলা মধ্যপাড়া এলাকার মৃত আজিজল হকের ছেলে এবং তিনি ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসে সরিষাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর বিভিন্ন ধারায় একটি মামলা (নম্বর-০৩, তারিখ- ০৪/০১/২০২৫) দায়ের করা হয়েছিল। ওই মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ নভেম্বর রাত পৌনে দুইটার দিকে ভেবলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ৪ জানুয়ারি রাতে সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজার এলাকার বঙ্গবন্ধু চত্বরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে সরকারবিরোধী মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিদের আটকের চেষ্টা করলে অনেকেই পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আলামত জব্দ ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদে রাসেলের সংশ্লিষ্টতা নিশ্চিত করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জা মোঃ বদরুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। জামিনে মুক্ত হলে তিনি পুনরায় সন্ত্রাসী ও নাশকতামূলক কার্যকলাপে জড়িয়ে পড়তে পারেন। তাই মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ছাত্রলীগের সক্রিয় সদস্য। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০২   ৫ বার পঠিত