সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে তালা ভেঙে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের মামলায় কুরবান আলী (৫৫) নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রায়দের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

​গ্রেপ্তারকৃত কুরবান আলী সরিষাবাড়ী উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক এবং রায়দের পাড়া এলাকার মৃত ফসের আলী শেখের ছেলে।

​মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে রাতে পোগলদিঘা ইউনিয়নের বিন্যাফৈর নতুন বাজারে অবস্থিত ২নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের টিনশেড কার্যালয়ের কার্যক্রম শেষে নেতাকর্মীরা তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরবর্তীতে গত ১৬ মে ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে বাজারে আগুন লাগার শোরগোল শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। এজাহার ও সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, সে সময় বিবাদীদের পাশাপাশি অজ্ঞাতনামা ৫০-৬০ জন ব্যক্তিকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা হাতে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যেতে দেখা যায়।

​পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় কার্যালয়ের ভেতর প্রবেশ করে দেখা যায়, ভেতরে থাকা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিএনপির সাবেক মহাসচিব মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার এবং স্থানীয় সংসদ সদস্যের ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ও চেয়ার-টেবিল পুড়িয়ে দেওয়া হয়েছে। বাদীপক্ষের দাবি অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​এ ঘটনায় পোগলদিঘা ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সদস্য মো. সুলতান ভূইয়া বাদী হয়ে গত ১৯ মে সরিষাবাড়ী থানায় একটি মামলা (মামলা নম্বর- ১৬) দায়ের করেন।

​মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তদন্ত ও গোপন সংবাদের ভিত্তিতে ১৬ নভেম্বর রাতে রায়দের পাড়া এলাকা থেকে সন্দিগ্ধ আসামি হিসেবে কুরবান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এই ঘটনায় তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। তদন্ত কর্মকর্তা আদালতে আসামির জামিনের বিরোধিতা করে জানান, আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত সৃষ্টিসহ পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জেলহাজতে রাখা প্রয়োজন।

​এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮:০৩:৩১   ৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, রায় ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
সাম্য ও মানবতার বাংলাদেশ গড়তে নজরুলের আদর্শ ধারণ করতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
ওসমান ফারুকের কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার
প্রবাসী কল্যাণ মন্ত্রীর সঙ্গে ফিজির হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক
৭ নভেম্বরের চেতনায় জাতির স্বাধীনতা ও নিরাপত্তা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী
ভাসানীর আদর্শ ধারণ করে গণতন্ত্রের পথে এগিয়ে যাব: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও সম্প্রীতি বিশ্বে অনন্য দৃষ্টান্ত হবে: কাদের গনি চৌধুরী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ