![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে তিন শিশু সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী আরিফা খাতুনের বিরুদ্ধে নগদ ৫ লাখ টাকা, স্বর্ণালংকার ও দামি মোবাইল নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন সৌদি আরব ফেরত স্বামী সোহেল রানা। উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী নয়াপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ২০১১ সালে মেলান্দহ উপজেলার আনারবাড়ি ঘাট গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফা খাতুনের সঙ্গে বিয়ে হয় সরিষাবাড়ীর চর সরিষাবাড়ী নয়াপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সোহেল রানার। দীর্ঘ সংসার জীবনে তাঁদের তিনটি সন্তান রয়েছে।
পরিবারের তাগিদে সোহেল রানা সৌদি আরবে পাড়ি জমান এবং প্রবাসে থেকে নিয়মিত স্ত্রী-সন্তানদের খরচ পাঠাতেন। গত ২৪ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা ছিল। কিন্তু দেশে ফেরার আগেই তিনি জানতে পারেন, তাঁর স্ত্রী আরিফার সঙ্গে সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের পাখাডুবি গ্রামের শাজাহান আলী মাস্টারের ছেলে ও দুই সন্তানের জনক সাইফুল ইসলামের পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছে।
গত ২৪ অক্টোবর দেশে ফিরে সোহেল রানা দেখতে পান, তাঁর স্ত্রী তিন সন্তানকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। যাওয়ার সময় আরিফা দুই মেয়েকে মেলান্দহের কাফাটিয়া মডেল মাদ্রাসায় রেখে গেলেও ঘর থেকে নগদ ৫ লাখ টাকা, এক ভরি স্বর্ণালংকার এবং প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন সঙ্গে নিয়ে যান।
পিতামাতার একমাত্র সন্তান সোহেল রানা বর্তমানে ছোট তিন শিশু সন্তানকে নিয়ে চরম দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২২:৪০:১৯ ৫ বার পঠিত