
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৃথক সময়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুপুর থেকে বাসটি ওই স্থানে দাঁড়ানো ছিল। রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হচ্ছে। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো যাবে।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বাংলাদেশ সময়: ২৩:০৭:৪২ ৪ বার পঠিত