![]()
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বরিশাল নগরীর বটতলা এলাকার বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাসভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে বাড়ির জানালার কাচ ভেঙে যায়। একপর্যায়ে তাঁরা ভবনের নিচে থাকা নিরাপত্তাকর্মীর কক্ষে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বাড়ির সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাকর্মীদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ নেতাদের বাসভবনেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়ার খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তাঁর জানা নেই।
বাংলাদেশ সময়: ১৪:৩৬:৩০ ৭ বার পঠিত