
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন বলেছেন, দেশে নিষিদ্ধ ঘোষিত একটি দল যে অরাজকতা করছে, সেই অরাজকতা আর করতে দেওয়া হবে না। আমরা দেশে কোনো গন্ডগোল চাই না। কিন্তু মানুষের জানমালের ক্ষতি, চোরাগোপ্তা হামলার বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না।
দেশজুড়ে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজ দুপুরে জেলার গৌরীপুর উপজেলার রামগোপালুপুর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন আরও বলেন, আপনারা দেশ থেকে পালিয়ে গেছেন, আপনাদের নেতারা বিদেশে বসে মুরগির রান খাচ্ছেন। আর আপনাদের বলছেন, আপনারা ভাঙচুর করছেন। এটার ফল ভালো হবে না। অনেক সহ্য করেছি, কিন্তু এখন আর সহ্য করব না। আমরা প্রতিবাদ করব, প্রতিহত করব, প্রয়োজনে প্রতিশোধ নেব। দেশে অরাজকতা করতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা কীসের জন্য, কী ইস্যুতে এসব করছেন? আপনাদের কোনো ইস্যু নাই। দেশ ভালো চলছে। আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করলেও আমরা বিশৃঙ্খলা করতে দেব না। যেকোনো উপায়ে আমরা প্রতিরোধ করব। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আছি। আমাদের হাজার হাজার বিএনপি কর্মী মাঠে রয়েছে। দুর্বলতা মনে করলে ভুল করবেন, আমরা দুর্বল না, আমরা আপনাদের সুযোগ দিয়েছি। আমরা চাই দেশ ভালো থাকুক।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সদস্যসচিব আব্দুর রহমান বাবুলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪০ ৭ বার পঠিত