
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তাঁর উপস্থিতিতে এক নারী অফিস সহায়ককে মারধর ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন এ হামলা চালিয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী। হামলায় তাঁর ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক ভেঙে গেছে। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে আসা দুই শিক্ষার্থীও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের রায়েরছড়া সরদাবাড়ি মডেল একাডেমির প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নাছিমা খাতুন (৩১) ওই বিদ্যালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, সরদাবাড়ি গ্রামের নাছির উদ্দিনের সঙ্গে পাশের রায়েরছড়া গ্রামের মহসীন রেজা রঞ্জুর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। অভিযোগ রয়েছে, এ বিরোধের জেরে নাছির উদ্দিনের মেয়ে নাছিমাকে কর্মস্থলে যেতে বাধা দেওয়া হচ্ছিল। পাশাপাশি তাঁকে হাজিরা না দেওয়ার জন্যও চাপ প্রয়োগ করা হচ্ছিল।
অভিযোগ অনুযায়ী, বুধবার দুই দিনের ছুটি শেষে সকাল ৯টার দিকে বিদ্যালয়ে যান নাছিমা। সকাল ১০টার দিকে তিনি প্রধান শিক্ষকের কক্ষে বসে থাকা অবস্থায় মহসীন রেজা রঞ্জু, তাঁর ছেলে নাঈম, স্ত্রী নুরুন্নাহার এবং শামীম ও আজমল সেখানে গিয়ে তাঁর ওপর হামলা চালান। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, ঘটনার সময় বিদ্যালয়ের মাঠেও কয়েকজন অবস্থান করছিলেন।
নাছিমার অভিযোগ, হামলাকারীরা তাঁর হাতের আংটি, গলার স্বর্ণের চেইন ও হাতের ব্রেসলেট ছিনিয়ে নেন। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তৃশা নামে এক শিক্ষার্থীকে থাপ্পড় মারা হয় এবং মারুফা নামে আরেক শিক্ষার্থীর হাত মুচড়ে লাঞ্ছিত করা হয়। মারধরের একপর্যায়ে নাছিমার ওপরের চোয়ালের বাম পাশের দুটি দাঁতের অর্ধেক অংশ ভেঙে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন নাছিমা। খবর পেয়ে শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফারুকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বর্তমানে তিনি সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী নাছিমা খাতুন আরও বলেন, “আমার বাবার সঙ্গে বিরোধের জেরে মহসীন রেজা রঞ্জুর ইন্ধনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা আমার হাজিরা খাতা আলমারিতে তালাবদ্ধ করে রেখে আমাকে অনুপস্থিত দেখান। বুধবার সকাল ১০টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে রঞ্জু ও তাঁর লোকজন আমাকে মারধর করেন। এতে আমার দুটি দাঁতের অর্ধেক ভেঙে গেছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তফা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নাছিমা নিয়মিত বিদ্যালয়ে না আসায় তাঁকে অনুপস্থিত দেখানো হয়েছে। মারধরের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিরা কক্ষে এসেছিলেন এবং তিনি তাঁদের সরিয়ে দিয়েছেন।
ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, নাছিমাকে কেন্দ্র করে এমন কোনো ঘটনার বিষয়ে প্রধান শিক্ষক বা অন্য কেউ তাঁকে কিছু জানাননি।
শ্যামগঞ্জ কালীবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১:৫৭:১৭ ৩ বার পঠিত #নাছিমা খাতুন #নারী অফিস সহায়ককে মারধর #মাদারগঞ্জ #রায়েরছড়া সরদাবাড়ি মডেল একাডেমি