
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও ধারাবাহিকভাবে কমছে সোনার দাম। সর্বশেষ গতকাল বৃহস্পতিবারও ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এ নিয়ে টানা সাত দফায় ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
দাম কমার ফলে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সারা দেশে এই নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা ২ লাখ ২ হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনা ১ লাখ ৪২ হাজার ১৮৪ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি নির্ধারিত হবে। সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে পৃথকভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।
এর আগে গত ১৮ নভেম্বর সকালে সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।
এ ছাড়া গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এর আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে দেশে টানা সাত দফায় প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১৭ হাজার ৫৫৪ টাকা কমেছে।
চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে মোট ১৪০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ দফায় দাম বাড়ানো হয়েছে, ৭৪ দফায় কমানো হয়েছে এবং এক দফায় ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।
বাংলাদেশ সময়: ৯:৫৫:৫৯ ৮ বার পঠিত #বাংলাদেশে সোনার দাম #বাজুস #সোনার বাজার #২২ ক্যারেট সোনা