
বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের সেবাদাতা একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। এ ঘটনায় হাজারো গ্রাহকের নাম, ইমেইল ঠিকানাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে।
তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবি, ব্যাংক অ্যাকাউন্ট, কার্ড নম্বর কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো তথ্য চুরি হয়নি। এন০এন (n0n) নামের একটি হ্যাকার গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। যদিও তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার।
সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মরগান চেজ জানায়, ‘প্রতিষ্ঠানটিকে সেবা দেয় তৃতীয় পক্ষের এমন একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা সম্পর্কে আমরা জানতে পেরেছি।’
তবে কোন প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংকটি। জেপি মরগান চেজ আরও বলেছে, ‘এ পর্যন্ত চালানো তদন্তে আমাদের ধারণা, হামলাকারীরা ওই সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত কিছু বিপণনসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে। এসব তথ্যের মধ্যে কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাও থাকতে পারে।’
ব্যাংকটি জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। পাশাপাশি বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় তাদের কোনো সেবা ব্যাহত হয়নি বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সপ্তাহের শুরুতে গ্রাহকেরা যে তথ্যপ্রযুক্তিগত সমস্যার মুখে পড়েছিলেন, তার সঙ্গে এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই।
গত এক সপ্তাহে জেপি মরগান চেজ, ইউনাইটেড এয়ারলাইনস এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) কম্পিউটার ব্যবস্থায়ও বিভ্রাট দেখা গেছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার জানিয়েছে, এন০এন (n0n) নামের একটি হ্যাকার গোষ্ঠী জেপি মরগান চেজের সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার দায় স্বীকার করেছে। নিজেদের দাবির পক্ষে কিছু নথিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এসওসিআরাডার।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, হ্যাকার গোষ্ঠীটির উৎপত্তি রাশিয়ায় এবং গত সেপ্টেম্বরে তাদের আবির্ভাব ঘটে। বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকিং চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, এ ধরনের সাইবার হামলার দাবির বিষয়ে তারা অবগত রয়েছে। হামলার শিকার সেবাদাতা প্রতিষ্ঠানটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত।
ভিসার ভাষ্য অনুযায়ী, তাদের নিজস্ব ব্যবস্থায় কোনো হামলা হয়নি এবং সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়নি। এমনকি কার্ড নম্বরসহ কোনো পেমেন্টসংক্রান্ত তথ্য চুরির ঘটনাও ঘটেনি।
ভিসার প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও একই ধরনের তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার ফলে তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতাভুক্ত কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-পেমেন্টসংক্রান্ত তথ্য প্রকাশ পেয়েছে।
মাস্টারকার্ড আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের প্রয়োজনীয় সহায়তা দিতে তাদের সংশ্লিষ্ট দল সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের উৎস ও পরিধি এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত রয়েছে।
এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি। সপ্তাহের শুরুতে ব্যাংকিং সেবায় যে বিভ্রাট দেখা দিয়েছিল, তার সঙ্গেও এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫৩:৪৯ ৪ বার পঠিত #জেপি মরগান চেজ #ভিসা #মাস্টারকার্ড #সাইবার হামলা