
উত্তরের হিমালয়ঘেঁষা জেলা পঞ্চগড়ে ক্রমেই জেঁকে বসছে শীত। দিন যত গড়াচ্ছে, ততই কমছে তাপমাত্রা। বিশেষ করে রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। ভোরে ঘাসের ওপর জমছে শিশির, বইছে উত্তরের হিমেল বাতাস। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সন্ধ্যা নামার পর বাড়ছে ঠান্ডার অনুভূতি। তাপমাত্রা কমতে থাকায় আগাম শীতের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আলমারি থেকে বের করা হচ্ছে সোয়েটার, জ্যাকেট, চাদরসহ শীতের প্রয়োজনীয় পোশাক।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, নভেম্বরের শুরু থেকেই তেঁতুলিয়ায় শীতের প্রভাব বাড়তে শুরু করেছে। কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় রোদ থাকলেও সন্ধ্যার পর থেকে সারা রাত শীত অনুভূত হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে রাতের ঠান্ডা ক্রমেই বাড়ছে। বিশেষ করে শেষরাত ও ভোরে শীতের প্রকোপ বেশি থাকে। লেপ-কম্বল ব্যবহার করেও অনেক সময় ঠান্ডা থেকে রেহাই মিলছে না। হিমেল বাতাসের কারণে সকালে ঘরের বাইরে বের হলেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে।
সরেজমিনে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই কোথাও কোথাও হালকা কুয়াশা পড়েছে। শীতের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন পাথরশ্রমিক, চা-শ্রমিক, কৃষিশ্রমিক ও দিনমজুররা। মহানন্দাসহ সীমান্তবর্তী নদীগুলোর ঠান্ডা পানিতে নেমে পাথর সংগ্রহ এবং শিশিরভেজা চা-বাগানে কাজ করা তাদের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে। প্রতিকূল আবহাওয়ায় অনেকের স্বাভাবিক কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে। এতে দৈনিক আয় নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন শ্রমজীবী মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই তাদের কাজে নামতে হচ্ছে।
এদিকে আবহাওয়ার পরিবর্তনে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, তাপমাত্রা আরও কমলে সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো ঠান্ডাজনিত সমস্যার প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে শিশু, প্রবীণ এবং আগে থেকেই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে রোগীরা আসছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসে পঞ্চগড়ে শীতের অনুভূতি বাড়ছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনগুলোতে তাপমাত্রা ধীরে ধীরে আরও কমতে পারে।
বাংলাদেশ সময়: ১১:৫২:১১ ৪ বার পঠিত #তেঁতুলিয়ার তাপমাত্রা #পঞ্চগড়ের আবহাওয়া #শীতের প্রকোপ