
সম্মিলিত গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেছেন, আমরা তার মতো আচরণ করতে পারি না।
আমরা একটা স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে কাজ করছি, যাতে আর কোনো দিন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদের উত্থান না হয়।
বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রিজভী বলেন, দেশের মানুষ চেয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সেটি নিশ্চিত করতে কাজ করছে।
শেখ হাসিনার মতো গুম-খুন ও ক্রস ফায়ার দিয়ে ভিন্ন মতকে দমন করতে হবে, এই বিশ্বাস তারেক রহমানের সরকার করছে না।
গণতন্ত্রবিরোধী শক্তি দেশে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ছাত্র-জনতার তাড়া খেয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিটি বাইরে পালিয়ে থেকে দেশের অভ্যন্তরে মদদ দিচ্ছে। তার তো টাকার অভাব নেই, অনেক টাকা বিদেশে পাচার করেছেন, দেশের অভ্যন্তরেও তার অনেক টাকা। তার অনেক অনুসারী দেশের মধ্যে ঘাপটি মেরে আছে।
সন্ত্রাসী-টোকাইদের দিয়ে তারা মানুষের বাড়ি-গাড়িতে আগুন দিচ্ছে।
এ সময় রিজভী বলেন, তরিকুল ইসলাম ছিলেন একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ। যিনি জীবনের শুরু থেকে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন। তিনি অন্য কোনো পেশার কথা চিন্তা করেননি। আন্দোলন-সংগ্রাম ও অভিজ্ঞতা সঞ্চয় করে সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, রাজনৈতিক নেতা হিসেবেও নানা কর্মসূচি বাস্তবায়ন করেছেন তিনি।
তিনি আরো বলেন, তরিকুল ইসলাম একজন পূর্ণাঙ্গ রাজনীতিবিদ ছিলেন, যার অসাধারণ নেতৃত্বের প্রজ্ঞা এবং বৈশিষ্ট্য ছিল। তিনি ছাত্রজীবন থেকে গড়ে ওঠেন নানা সংগ্রাম ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে। তখন তিনি পরিণত হন ধ্রুপদী ক্ল্যাসিকাল পলিটিক্যাল ক্যারেক্টের হিসেবে। তরিকুল ইসলাম একজন সেই ধরনের রাজনীতিবিদ। যিনি জীবনের শুরু থেকে হাঁটি হাঁটি পা করে জাতীয় পর্যায়ে রাজনীতি করেছেন। অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের কথা তিনি চিন্তা করেননি। তিনি রাজনীতিবিদ হিসেবে সরকারের দায়িত্ব পালন করেছেন। নেতা হিসেবে বিভিন্ন সময়ে দেশ ও দলের অত্যন্ত সংকটময় সময়ে কর্মসূচি বাস্তবায়ন করেছেন।
রিজভী বলেন, তরিকুল প্রগতিশীল ছাত্ররাজনীতি করেছেন। জাতীয় রাজনীতির ক্ষেত্রে মাওলানা ভাসানীর শিষ্য হয়েছেন। আজীবন তিনি কায়েমি স্বার্থবাদীদের বিপক্ষে কাজ করেছেন। গণতান্ত্রিক সংগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহকর্মী থেকেই মৃত্যুবরণ করেছেন তিনি।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, যশোর -৪ আসনের সংসদ সদস্য এবং জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:০৮:০১ ৬ বার পঠিত