
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি গোয়ালঘর পুড়ে গেছে। এ ঘটনায় খামারি আব্দুর রাজ্জাকসহ ৫টি গরু গুরুতরভাবে দগ্ধ হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী অলিপাড়া এলাকায় মৃত সোহরাব আলী মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাকের (৬০) বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে আব্দুর রাজ্জাকের ভাই আব্দুর রহিমের পরিত্যক্ত গোয়ালঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। আগুন দেখে আব্দুর রাজ্জাক চিৎকার দিয়ে গোয়ালঘরে থাকা ১৮টি গরু উদ্ধারের চেষ্টা করেন। এ সময় আগুন তাঁর গোয়ালঘরেও ছড়িয়ে পড়লে তিনি নিজে দগ্ধ হন এবং ৫টি গরু অগ্নিদগ্ধ হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দগ্ধ আব্দুর রাজ্জাককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। এ অগ্নিকাণ্ডে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আহত আব্দুর রাজ্জাক বলেন, “আমার ভাইয়ের বাড়িতে কেউ থাকে না, তারা শহরে থাকে। ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগও বন্ধ এবং গোয়ালঘরটি পরিত্যক্ত। রাস্তার পাশেও নয় যে বিড়ির আগুন থেকে লাগতে পারে। তাহলে কীভাবে আগুন লাগল, বুঝতে পারছি না। গরু বাঁচাতে গিয়ে আমি নিজেও পুড়ে গেছি।”
এলাকাবাসীর ধারণা, শত্রুতার জেরে কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে। এ রহস্যজনক ঘটনায় এলাকায় আতঙ্ক ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনাটি সম্পর্কে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২৩:০৮:৫৬ ৬ বার পঠিত