![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হুমকির ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার(২৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে তাকে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মোক্তার হোসেন (৬২)। তিনি সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাউসী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর (রোববার) রাত ১১টা ৩৫ মিনিটে সরিষাবাড়ী থানার বাউসী মধ্যপাড়া এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ স্কটের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ছামিউল হক রিপন (৪৭) বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সরিষাবাড়ী থানায় এফআইআর নং-২ (জিআর নং-১৪৫) দায়ের করেন। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ থাকা সত্ত্বেও অভিযুক্তরা বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বাধা দিলে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং প্রাণ বাঁচাতে স্থানীয় বিএনপি কার্যালয়ে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাউসী পঞ্চপীর বাজারে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে, নেতাদের ছবি নামিয়ে মাটিতে ফেলে এবং কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। পাশাপাশি তালা খুললে প্রাণনাশ ও কার্যালয়ে অগ্নিসংযোগের হুমকি দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামিকে জেলহাজতে আটক রাখার আবেদন জানানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইকবাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৭ ৭ বার পঠিত