
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিদেশে বসে দেশের স্বার্থবিরোধী একটি মহল কলকাঠি নাড়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ‘যারা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদ কায়েমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে পৌর শহরের সাধুপাড়া এলাকার জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে আয়োজিত জাতীয় নির্বাচনের পোলিং এজেন্টদের সম্মানে কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ‘দেশের স্বার্থবিরোধী কিছু মহল দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে বিদেশে বসে কলকাঠি নাড়ার চেষ্টা করছে। তাদের ছেলে-মেয়ে, ভাই-ভাতিজা, চাচাতো, মামাতো, ফুফাতো ও খালাতো ভাইদের কেউই বাংলাদেশে নেই। ৫ আগস্টের আগেই তারা দেশ ছেড়ে পালিয়েছে।
অথচ তারা সম্মিলিতভাবে চেষ্টা করছে আমার-আপনার সন্তানদের আবারও বলি দেওয়ার।’
তিনি বলেন, ‘যারা হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পালিয়ে গেছে, তাদের কোনো আত্মীয়স্বজন গার্মেন্টস শিল্পে চাকরি করে না। তাদের ভাই-ভাতিজারাও সেখানে নেই। অথচ এই গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন পাঁয়তারা চালানো হচ্ছে।
গোপালগঞ্জের প্রসঙ্গ টেনে ডেপুটি স্পিকার বলেন, ‘কয়েক দিন আগে গোপালগঞ্জের অবস্থা আপনারা দেখেছেন। তাদের সমর্থক দোকানদারদেরও রেহাই দেওয়া হয়নি। সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে গাছের কী দোষ? সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা শত শত গাছ কেটে ফেলার দৃশ্য দেখেছেন। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্তি পেতে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা সত্যকে সত্য বলব, মিথ্যাকে মিথ্যা বলব।
আমাদের এই সৎসাহস দেখানোর এখনই সময় এসেছে। আমরা প্রত্যেকে যার যার জায়গা ও অবস্থান থেকে যারা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে সন্ত্রাসবাদ কায়েমের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
কায়সার কামাল বলেন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সহযোগিতা করলে নিশ্চয়ই এমন একটি বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছেন। আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই যে বাংলাদেশের জন্য আমাদের দুর্গাপুরের চারজন শহীদ গত জুলাই-আগস্টে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছেন। এমন বাংলাদেশ তৈরি করতে চাই যেখানে একজন গারো, একজন হাজং, একজন হিন্দু কিংবা একজন মুসলমান প্রত্যেকেই যেন শান্তিতে, নিরাপদে ও নিজের অধিকার নিয়ে বসবাস করতে পারেন। আমরা সেই বাংলাদেশ তৈরি করব।
সভায় উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক রিপন মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩:১৩:১৪ ৫ বার পঠিত