![]()
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনটি দোকান ও একটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গাবতলী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে একটি লেপ-তোষকের দোকান, একটি ফার্মেসি এবং একটি সার ও কীটনাশকের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এ সময় দোকানের ভেতরে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে তিনটি দোকানের মালামাল ও মোটরসাইকেল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৪:৩৭:১৭ ৭ বার পঠিত #অগ্নিকাণ্ড