![]()
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় চালু করা হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি’। ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিদ্যালয়ভিত্তিক এ ব্যতিক্রমী লাইব্রেরি কার্যক্রম শুরু হয়েছে।
এ কার্যক্রমের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি’র উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর, উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে এ লাইব্রেরি কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে উপজেলা প্রশাসন।
বর্তমানে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ক্রমবর্ধমান হারে সময় ব্যয় করছে। এ পরিস্থিতিতে পাঠ্যবইয়ের বাইরেও জ্ঞান অর্জন, মননশীলতা, কল্পনাশক্তি ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। বিদ্যালয় পর্যায়ে লাইব্রেরি প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে বইয়ের নিবিড় সম্পর্ক তৈরি এবং আনন্দময় শিক্ষার পরিবেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
‘স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি’ শুধু বই পড়ার স্থান নয়; এটি শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার একটি প্রয়াস। জলবায়ু সহনশীল ও টেকসই শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার বৃহত্তর লক্ষ্যের সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মানসিক বিকাশের এ উদ্যোগ ইতিবাচক মাত্রা যুক্ত করেছে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা সম্ভব হলে প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে উঠবে। পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার সঙ্গে জ্ঞান, সৃজনশীলতা, মানবিকতা ও মননশীলতার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্মকে সমৃদ্ধ করে গড়ে তুলতে ‘স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৫২ ১৪ বার পঠিত #কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় #ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ #নারায়ণগঞ্জ সদর উপজেলা #স্বপ্নের সিঁড়ি লাইব্রেরি