![]()
মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : মধুখালীতে নতুন বইয়ের আগমনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে।
প্রতি বছরের মতো এবারও নতুন বই এসে পৌঁছেছে মধুখালী উপজেলায়। নতুন বছরের আগেই প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে এসব বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। বিগত বছরগুলোতে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হলেও এবার তার ব্যতিক্রম ঘটছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২৪ ডিসেম্বর সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দিতে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করছেন।
মধুখালী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রুপা ঘোষ জানান, উপজেলার প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সব বই এসে পৌঁছেছে। ইতোমধ্যে ৯৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০টি কিন্ডারগার্টেনে বই পাঠানো শুরু হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বীথি জানান, মধুখালী উপজেলার প্রাথমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই পৌঁছে দেওয়ার কাজ চলছে। ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। একই দিন সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে দেওয়া হবে।
মধুখালী উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. রাশেদুল ইসলাম জানান, উপজেলায় ৪৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও ১২টি মাদ্রাসা রয়েছে। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা ২ লাখ ৪৮ হাজার ২২৮টি। এর মধ্যে ২ লাখ ২৬ হাজার ৯৮টি বই ইতোমধ্যে মধুখালীতে পৌঁছেছে। অবশিষ্ট বইও খুব শিগগির এসে পৌঁছাবে। এ ছাড়া উপজেলায় ১৫টি স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নতুন বই এসে পৌঁছেছে এবং যথাসময়ে তাদের হাতে বই তুলে দেওয়া হবে।
মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন্দ বলেন, এ বছর প্রধানমন্ত্রী ২৪ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবেন। ওই দিন মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে যাবে।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, উপজেলায় চাহিদা অনুযায়ী নতুন বই এসে পৌঁছেছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই সরবরাহের কাজ চলছে। নতুন বছর শুরুর আগেই শিক্ষার্থীরা যথাসময়ে নতুন বই হাতে পাবে। মধুখালী উপজেলাকে শিক্ষাসমৃদ্ধ করে গড়ে তুলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩০:৪৩ ২৩ বার পঠিত #মধুখালী শিক্ষা প্রতিষ্ঠান #মধুখালীতে নতুন বই বিতরণ #২৪ ডিসেম্বর বই বিতরণ