
আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী বছরব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
তিনি বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তের কারণে দেশে চার-পাঁচ দশক ধরে সফলভাবে পরিচালিত পরিবার পরিকল্পনা ও টিকাদান কর্মসূচি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৩ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে।
বুধবার সকালে দৈনিক সমকালের সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট : দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেরি স্টোপস বাংলাদেশ ও সমকাল যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে।
এম এ মুহিত বলেন, বিকল্প কোনো দিকনির্দেশনা না দিয়েই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন ও সরবরাহব্যবস্থা ভেঙে পড়ে। মাঝে মাঝে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছে। ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে। আগামী ১৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ নিবিড় প্রচারণার উদ্বোধন করবেন।
স্বাস্থ্যখাতে জনবল ও প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, ‘সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে।’
দুর্গম এলাকার নারীদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরে আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এম এ মুহিত বলেন, ‘হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।’
বৈঠকে গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার। আলোচনায় অংশ নেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ড. জিনাত আরা, মেরি স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ডা. ইয়াসমিন আহমেদ, আইপাসের কান্ট্রি ডিরেক্টর ডা. রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৫৪ ৪ বার পঠিত #এম এ মুহিত #পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন #মেরি স্টোপস বাংলাদেশ #স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়