বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬



নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নগরকান্দা টিটিসি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শওকত আলী শরীফ, নগরকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক এবং নগরকান্দা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক গোলাম মোস্তফা।

আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারি, উদ্যোক্তা ও স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ, খামারিদের প্রশিক্ষণ এবং প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিজ পণ্য রপ্তানির উপযোগী পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, খামারিদের বিভিন্ন সমস্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫৪:৫৬   ২০ বার পঠিত