
নারীর ক্ষমতায়ন ও নারী সাংবাদিকদের পেশাগত উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
তিনি বলেন, নারী সাংবাদিকদের সংগঠনকে কার্যকর ও শক্তিশালী করতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক। উইমেন্স জার্নালিস্ট ফোরামের আর্থিক সহায়তা, নিজস্ব কার্যালয় প্রতিষ্ঠা, পত্রিকা ও ম্যাগাজিনের তালিকাভুক্তি এবং সাংবাদিকদের পেশাগত সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।
আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
উইমেন্স জার্নালিস্ট ফোরাম নিবন্ধন পাওয়ায় সংগঠনটির সদস্যদের অভিনন্দন জানিয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, একটি সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুরুতেই এর আর্থিক ভিত্তি শক্তিশালী করা জরুরি। পর্যাপ্ত অর্থের সংস্থান না থাকলে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরাসরি অর্থ সহায়তা দেওয়ার ক্ষেত্রে কিছু বিধিবিধান ও প্রক্রিয়া রয়েছে। বিষয়টি তিনি বুঝতে পেরেছেন। তবে ফোরামের পক্ষ থেকে যেভাবে আবেদন জানানো হয়েছে, সে বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। সংগঠনটির জন্য প্রয়োজনীয় তহবিলের ব্যবস্থা করা সম্ভব কি না, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।
আন্দালিভ রহমান পার্থ বলেন, নারী সাংবাদিকদের ক্ষমতায়ন সরকারের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এ ক্ষেত্রে সংগঠনটির কার্যক্রম আরও শক্তিশালী করতে কী ধরনের সহযোগিতা করা যায়, তা নিয়ে সরকার কাজ করতে আগ্রহী।
তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে ফোরামের আর্থিক ভিত্তি গড়ে তোলার বিষয়ে ইতিবাচক সমাধান পাওয়া যাবে।
নারী সাংবাদিকদের পেশাগত সংকট প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে সাংবাদিকদের চাকরি ও বেতন নিয়ে নানা সমস্যা রয়েছে। অনেক প্রতিষ্ঠানে প্রয়োজনের তুলনায় বেশি কর্মী নিয়োগ দেওয়া হলেও তাদের নিয়মিত বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। সরকার এসব সমস্যার বিষয়ে অবগত এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি আরও বলেন, ঢাকার বাইরের সাংবাদিকদের পরিস্থিতিও উদ্বেগজনক। মফস্বলে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা ও আর্থিক সংকট নিয়ে নানা অভিযোগ রয়েছে। এসব সমস্যা সমাধানে সাংবাদিকদের সংগঠিত হওয়া এবং পেশাগত অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সাংবাদিকদের নিবন্ধন ও গণমাধ্যমের পরিচয় নির্ধারণ প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা প্রয়োজন। বর্তমানে অনলাইন পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমের পরিচয় এবং নিবন্ধন নিয়ে অনেক ক্ষেত্রে অস্পষ্টতা রয়েছে। কে প্রকৃত সাংবাদিক এবং কোন গণমাধ্যম নিবন্ধিত, সে বিষয়ে সুনির্দিষ্ট ধারণা থাকা জরুরি। তবে সাংবাদিকদের নিবন্ধন বা গণমাধ্যমের কার্যক্রম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বাকস্বাধীনতার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
তিনি বলেন, একদিকে প্রকৃত সাংবাদিকদের পেশাগত স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিত করতে হবে, অন্যদিকে বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতাও অক্ষুণ্ন রাখতে হবে। এ দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য গুরুত্বপূর্ণ।
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে হস্তক্ষেপ করতে চায় না; বরং গণমাধ্যমকে সহযোগিতা করার চেষ্টা করছে। সাংবাদিকদের সমস্যা ও সংগঠনগুলোর প্রয়োজনীয়তা নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় উইমেন্স জার্নালিস্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনটির কার্যক্রম, আর্থিক সংকট, নিজস্ব কার্যালয়ের প্রয়োজনীয়তা এবং নারী সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
তথ্যমন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বাংলাদেশ সময়: ১৬:১৮:৪৯ ২৩ বার পঠিত #আন্দালিভ রহমান পার্থ #উইমেন্স জার্নালিস্ট ফোরাম #নারী সাংবাদিকদের ক্ষমতায়ন