![]()
জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠক আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপির সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচ্যসূচি অনুযায়ী, বৈঠকের শুরুতে কমিটির দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিত করা হয়। পাশাপাশি ওই বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এমপি, প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকি এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মোহাম্মদ ফখরুল ইসলাম এমপি, মোসাঃ ফরিদা ইয়াসমিন এমপি, মোঃ সাইফুল আলম এমপি এবং মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন রেলপথ নির্মাণ এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণের চলমান প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।
সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা-জুন ২০২৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ শীর্ষক একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা ও প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। অনুমোদনের পর এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে বলে বৈঠকে জানানো হয়।
এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সেখানে বিদ্যমান সুযোগ-সুবিধা, যান চলাচল, টোল আদায় এবং আয় বাড়াতে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব, সেতু বিভাগের সচিব, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির প্রধান নির্বাহী (সচিব), রেলপথ মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪৪:০০ ৫ বার পঠিত #কর্ণফুলী টানেল #জহির উদ্দিন স্বপন #পদ্মা সেতু রেলসংযোগ #পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি