![]()
ত্রয়োদশ জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ শাহজাহান এমপির সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন, এমপি; সরওয়ার জামাল নিজাম, এমপি; মোহাম্মদ সালমান ওমর, এমপি; আরিফা সুলতানা, এমপি; নিপুন রায় চৌধুরী, এমপি; মোঃ মুজিবুর রহমান, এমপি; মোঃ মাজেদুর রহমান, এমপি এবং মোঃ মোস্তাফিজুর রহমান, এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে প্রথম বৈঠকে গৃহীত সিদ্ধান্ত কার্যকর ও বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর ও সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম, মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্প ও কর্মসূচির বাস্তবায়ন অগ্রগতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণ ও পুনর্বাসন এবং এতিম ও অসহায় শিশুদের সুরক্ষা কার্যক্রম সম্পর্কে স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করা হয়। এ সময় চলমান প্রকল্পগুলোর আর্থিক ও বাস্তব অগ্রগতিও উপস্থাপন করা হয়।
মন্ত্রণালয়ের আওতাধীন চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত পর্যালোচনার পাশাপাশি যেসব প্রকল্প পিছিয়ে রয়েছে, সেগুলোর কাজ ত্বরান্বিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় কমিটি।
ফ্যামিলি কার্ড কর্মসূচিতে প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবার নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি উপকারভোগী বাছাই, তথ্য যাচাই এবং অর্থ বিতরণের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে প্রয়োজনে একাধিকবার তদন্ত ও যাচাই এবং গণশুনানির ব্যবস্থা রয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে অবহিত করা হয়।
সমাজসেবা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রম নিয়মিত পরিদর্শনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেয় কমিটি। সেবা প্রদানে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও তাগিদ দেওয়া হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী ও সংসদ সদস্যদের অবহিত করার সুপারিশ করা হয়।
মন্ত্রণালয়ের মাঠপর্যায়ের কার্যালয়গুলোতে সেবা প্রদান কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকট ও প্রশাসনিক জটিলতা চিহ্নিত করে সেগুলো নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থা চালুর বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়। এ ছাড়া সভায় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরকে নির্দিষ্ট সময়সীমাসহ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরবর্তী সভায় বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রণালয়ের কার্যক্রমে কমিটির মাধ্যমে গতিশীলতা আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য কমিটির সভাপতি সদস্যদের ধন্যবাদ জানান।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধান এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪৫:৪৫ ৬ বার পঠিত #ত্রয়োদশ জাতীয় সংসদ #ফ্যামিলি কার্ড কর্মসূচি #সমাজকল্যাণ মন্ত্রণালয়