![]()
কালকিনি,ডাসার প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আসাদুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত।
সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে এ খাতের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। খামারিদের প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি, পুষ্টির চাহিদা পূরণ ও রপ্তানি আয় বৃদ্ধিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই খাতের টেকসই উন্নয়নে সরকার ও খামারিদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, খামারি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:৪৯:০৪ ৫ বার পঠিত