
রাজবাড়ী জেলা প্রতিনিধি : গোপালগঞ্জের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সাময়িকভাবে রুট পরিবর্তন করে কুষ্টিয়া ও রাজবাড়ী হয়ে চলাচল করবে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস। আগামী ২৮ নভেম্বর (শনিবার) থেকে নতুন রুটে ট্রেনটির চলাচল শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলনা-ঢাকা ও ঢাকা-খুলনা রুটে বিকল্প পথে ট্রেনটি পরিচালনা করা হবে।
জানা গেছে, গোপালগঞ্জের পরিস্থিতির কারণে গত কয়েক দিন ধরে রূপসী বাংলা ও জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন খুলনা ও ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের রেলযাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ কমাতে বাংলাদেশ রেলওয়ে জাহানাবাদ এক্সপ্রেসকে বিকল্প রুটে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সময়সূচি অনুযায়ী, খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে জাহানাবাদ এক্সপ্রেস দুপুর ১২টা ৪২ মিনিটে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। এরপর বিভিন্ন স্টেশনে যাত্রাবিরতি শেষে দুপুর ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে ট্রেনটি।
অন্যদিকে, ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে ট্রেনটি রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
বিকল্প রুটে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে খুলনা, নওয়াপাড়া, দৌলতপুর, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা রেলওয়ে স্টেশনে।
রুট পরিবর্তনের ফলে বিশেষভাবে উপকৃত হবেন কুষ্টিয়া ও রাজবাড়ী জেলার যাত্রীরা। এতদিন ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগের ক্ষেত্রে যেসব যাত্রীকে বিকল্প ব্যবস্থা নিতে হতো, তাঁদের জন্য জাহানাবাদ এক্সপ্রেস নতুন সুযোগ তৈরি করবে। বিশেষ করে পাংশা ও রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী এবং খুলনাগামী যাত্রীদের জন্য এটি স্বস্তির খবর।
স্থানীয় যাত্রীদের প্রত্যাশা, বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু হলে রাজবাড়ী ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা উপকৃত হবেন।
তবে রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহানাবাদ এক্সপ্রেস নির্ধারিত বিকল্প রুটে চলাচল করবে।
**রাজবাড়ীসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের জন্য নতুন এই রেল যোগাযোগ কতটা স্বস্তি নিয়ে আসে, এখন সেটিই দেখার বিষয়।**
বাংলাদেশ সময়: ১৫:০৯:৫৪ ৩ বার পঠিত