শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



সরিষাবাড়ী শাহীন স্কুলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ ও শিক্ষার্থী নিবন্ধনে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়সহ নানান অনিয়মের অভিযোগ উঠেছে শাহীন স্কুলের বিরুদ্ধে। এতে চরম ভোগান্তি ও আর্থিক হয়রানির শিকার হচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

​শাহীন স্কুল ও অভিভাবক সূত্রে জানা গেছে, সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের নামে মোট ১০৬ জন শিক্ষার্থী নিবন্ধিত হয়েছে; যার মধ্যে ৫৫ জনই শিক্ষার্থীই সরিষাবাড়ী পোস্ট অফিস মোড় এলাকায় অবস্থিত শাহীন স্কুল প্রধান শাখার শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, তাঁরা বোর্ড নির্ধারিত নিবন্ধন ফি ৩১৪ টাকার পরিবর্তে শিক্ষার্থী প্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা নিয়েছে। এ ছাড়াও আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ বাবদ বিজ্ঞান বিভাগের জন্য ২ হাজার ৪৪৫ টাকা নির্ধারিত থাকলেও প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার টাকা বাধ্যতামূলক আদায় করা হয়েছে।

​অভিভাবকরা জানান, গত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পোস্ট অফিস মোড় শাখা থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নিলেও ১৯ জন অকৃতকার্য হয়। তাই প্রতিষ্ঠানটির সুনাম অক্ষুণ্ণ রাখতে এবার টেস্ট পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হলেও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দেওয়া হচ্ছে না এবং প্রয়োজনীয় সহযোগিতাও করা হচ্ছে না।

​শিক্ষার্থীদের দাবি, এবারের টেস্ট পরীক্ষায় কোন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ৪০-এর নিচে থাকলেই তার ফলাফল অকৃতকার্য দেখানো হয়েছে। যদিও শিক্ষা বোর্ডের নীতিমালা অনুযায়ী ৩৩ পেলেই কৃতকার্য দেখানো হয়। এছাড়াও পরীক্ষার ফলাফল ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে। তারা শিক্ষা বোর্ডের মাধ্যমে তা পুনঃযাচাইয়ের দাবি জানিয়েছেন।

অভিভাবকদের মতে, সরকারি নিয়ম অনুযায়ী দুই বিষয়ে অকৃতকার্য হলেও ফরম পূরণের সুযোগ রয়েছে। সেখানে কেন এক দুই বিষয়ে অকৃতকার্য হলে অনুমতি দিচ্ছে না শাহীন স্কুল। এটা সরকারি নীতিমালা উপেক্ষা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করা ছাড়া আর কিছু নয় বলে দাবি করছেন অভিভাবকেরা। জানা গেছে, অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকরা শাহীন স্কুলের নানান অনিয়মের প্রতিকার চেয়ে বর্তমানে বিভিন্ন মহলে ধারে ধারে ঘুরছেন, তবুও পাচ্ছেন না কোন প্রতিকার।

স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীদের​ আরও অভিযোগ, সরিষাবাড়ী শাহীন স্কুল শাখার নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর নেই। তবুও তারা ৬ষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত ভর্তি ও অন্য বিদ্যালয়ের নামে শিক্ষার্থীদের নিবন্ধন করিয়ে তারা কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো অভিভাবক তার সন্তানদের লেখাপড়ার বিষয়ে কোন অভিযোগ করতে না পারেন, সেজন্য নানা প্রলোভন দেখিয়ে অনাপত্তিপত্রসহ (NOC) বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নিয়ে রাখেন।

​এসব অনিয়ম কীভাবে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজর এড়িয়ে যাচ্ছে—তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, আদায় করা অর্থের হিসাব যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ও অভিভাবকদের স্বার্থ রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

​এ বিষয়ে চর সরিষাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম হেলাল বলেন, “২০২৭ সালের এসএসসি ফরম পূরণে সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের কোনো সুযোগ নেই। শাহীন স্কুলের ৫৫ জন শিক্ষার্থীর ফরম পূরণের কথা থাকলেও তারা ৯ জন শিক্ষার্থীর কাগজপত্র এখনো জমা দেয়নি। শুনেছি তারা কোনো অকৃতকার্য শিক্ষার্থী নেবে না—এটা ঠিক নয়।”

​শিক্ষানুরাগীদের মতে, টাঙ্গাইল শাহীন স্কুল সরিষাবাড়ী উপজেলায় একটি শাখার অনুমতি দিলেও বাস্তবে স্কুল ও মাদ্রাসার নামে প্রায় ৮টি শাখা পরিচালিত হচ্ছে। শাহীন স্কুলের নামে শিক্ষার চেয়ে বাণিজ্যিক চিন্তা প্রাধান্য দিয়ে শিক্ষার মান কে প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করেন তারা; এ বিষয়ে প্রশাসনিক নজরদারি জরুরি।

​অভিযোগের বিষয়ে জানতে শাহীন স্কুলের পরিচালক তোজাম্মেল হকের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২৩:৩২:৪৪   ৬ বার পঠিত