রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের এইচএসসি ও আলিম সম্পূরক পরীক্ষা হবে মাদারীপুর-ফরিদপুরে

২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র গোপালগঞ্জ থেকে মাদারীপুর ও ফরিদপুরে স্থানান্তর করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।

রবিবার (২৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গোপালগঞ্জ জেলার ২০২৬ সালের এইচএসসি (সম্পূরক), আলিম (সম্পূরক), এইচএসসি (বিএমটি) ও এইচএসসি (ভোকেশনাল) সম্পূরক পরীক্ষার কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত জানানো হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের নিজ নিজ শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নতুন কেন্দ্র ও উপকেন্দ্রের তথ্য অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে মাদারীপুরের রাজৈর উপজেলার সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুব সংঘ পাইলট মডেল ইনস্টিটিউট অ্যান্ড কলেজে।
কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সরকারি রাজৈর কলেজ কেন্দ্রে।

অন্যদিকে, টুঙ্গিপাড়া বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে রাজৈর উপজেলার শহীদ সরদার শাহজাহান উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এ ছাড়া কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা সরকারি কলেজ কেন্দ্রে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যানের আদেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ সদর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা মাদারীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পত্র জারি করা হয়েছে।

এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের আওতায় গোপালগঞ্জ জেলার আলিম (সম্পূরক) পরীক্ষার কেন্দ্র বাতিল করে মাদারীপুর জেলার নির্ধারিত আলিম (সম্পূরক) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য উল্লেখ করা হয়।

এদিকে, কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা বলছেন, সাধারণ শিক্ষার্থীরা কোনো আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নয়।
দূরবর্তী কেন্দ্রে পরীক্ষা দিতে গিয়ে সময়, অর্থ ও যাতায়াত নিয়ে ভোগান্তিতে পড়তে হবে। অনেক শ্রমজীবী ও নিম্নআয়ের পরিবারের সন্তান কষ্ট করে পড়াশোনা করছে। তাদের পক্ষে মাদারীপুর কিংবা অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেওয়া বাড়তি আর্থিক চাপ ও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৪   ৪ বার পঠিত