রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



মানিকগঞ্জে ৪টি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন খাদ্যমন্ত্রীর

মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং গ্রামীণ অবকাঠামো শক্তিশালী করতে ২৭ কোটি ৯২ লাখ টাকারও বেশি ব্যয়ে চারটি সড়ক ও সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

রোববার তিনি এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন। পাশাপাশি দুটি সড়কের নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি অফিস-কান্দাপাড়া বাজার ভায়া নোয়াপাড়া সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজার সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি ভায়া সভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।

পরে স্থানীয়দের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম দাবি ছিল রাস্তাঘাটের উন্নয়ন। সেই প্রেক্ষিতে প্রতিশ্রুত উন্নয়নকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এসব সড়ক ও সেতু নির্মিত হলে এলাকার মানুষের যাতায়াত সহজ হবে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিধা বাড়বে এবং অসুস্থ ব্যক্তিদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স চলাচল আরও সহজ হবে।

তিনি বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে রাস্তা প্রশস্ত করা প্রয়োজন। এ জন্য কোথাও কারও জমির সামান্য অংশ প্রয়োজন হলে জনস্বার্থ ও এলাকার উন্নয়নের কথা বিবেচনায় নিয়ে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।

জনগণের সহযোগিতায় পর্যায়ক্রমে এলাকার সব উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্ধারিত সময়ের আগেই কাজ সম্পন্ন করার সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান।

তিনি বলেন, সড়কের নির্মাণকাজ যথাযথ নিয়মে ও মানসম্মতভাবে সম্পন্ন করতে হবে। কাজের মানের নিয়ে কোনোভাবেই আপস করা যাবে না এবং কাজে বিলম্ব গ্রহণযোগ্য হবে না। যারা ভালো কাজ করবেন, তাদের পুরস্কৃত করা হবে। তবে নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট ঠিকাদারের লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক কওে দেন।

উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাদ্যমন্ত্রী বলেন, ১৭ বছরের দুঃশাসন, নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দল আজকের অবস্থানে পৌঁছেছে।

ফ্যাসিবাদ কিংবা গুপ্ত তৎপরতার মাধ্যমে কেউ দেশ ও দেশের মানুষের ক্ষতি করতে চাইলে তা মেনে নেওয়া হবে না। দেশে ফ্যাসিবাদের কোনো অবস্থান তৈরি হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

পরে আফরোজা খানম বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটি আয়োজিত তাঁতী সমাবেশে যোগ দেন।

সেখানে তিনি মানিকগঞ্জের তাঁতিদের উন্নয়নে সরকারের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। তাদের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং মানিকগঞ্জের তাঁতশিল্পের গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।

বাংলাদেশ সময়: ২৩:১১:১৬   ৬ বার পঠিত