রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬



জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) রাত ৮টার দিকে ইসলামপুর পৌর এলাকার পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহতরা হলেন- ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০), চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দেওয়ানগঞ্জ থেকে বেগুনবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অন্যদিকে একটি মোটরসাইকেলে করে ওই তিনজন ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। পরে পলবান্ধা উজানপাড়া রেল ক্রসিংয়ে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বকুল ও জিয়াউল নিহত হন এবং সোহেল গুরুতর আহত হন। পরে আহত সোহেলকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে আমাদের এখানে আনা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি দুইজন মারা গেছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়।

এবিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৪   ৬ বার পঠিত