উপাসনালয়ে হামলাকারীদের প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান করা হবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপাসনালয়ে হামলাকারীদের প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান করা হবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা
শুক্রবার, ৩০ আগস্ট ২০২৪



উপাসনালয়ে হামলাকারীদের প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান করা হবে : ধর্ম বিষয়ক উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেছেন, সরকারকে বিব্রত করার জন্য একশ্রেণির মতলবী মানুষ মাঠে নেমেছে। এদেরকে প্রতিহত করতে হবে। উপাসনালয়ে যারা হামলা করে এরা মানুষ নয়, এরা পশু। এদেরকে প্রচলিত আইনে কঠোর শাস্তির বিধান করা হবে।
আজ বিকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গণে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, রমনা ক্যাথলিক চার্চের ধর্মগুরু ফাদার এলবার্ট রোজারিও,ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত বুদ্ধানন্দ মহাথের প্রমূখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন আরো বলেন, আবহমানকাল থেকেই এদেশে অসাম্প্রদায়িক আবহ বিরাজমান। এটাকে কোনক্রমেই নষ্ট করতে দেওয়া যাবে না। আমাদের দেশের নানা ধর্মের বৈচিত্র্য রয়েছে। এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা লালন করতে চাই , ধারণ করতে চাই এবং বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই।
ড. খালিদ বলেন, বাংলাদেশের সীমানার ভিতরে স্পষ্ট দলিল আছে এমন কোন দেবোত্তর সম্পত্তি যদি কেউ দখল করে থাকে তাদেরকে আইন-শৃঙ্খলাবাহিনীর সহায়তায় উচ্ছেদ করা হবে। এছাড়া, কোন দেবোত্তর সম্পত্তি নিয়ে আদালতে মামলা থাকলে সেটাও দ্রুত সময়ে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। তিনি মন্দিরের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও তদারকি ব্যবস্থা জোরদার করার পরামর্শ দেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সুন্দর কথা বলা সহজ, কিন্তু সুন্দর কাজ করা কঠিন। সুন্দর কথাকে অবশ্যই কাজে পরিণত করতে হবে। আমরা সুন্দর কথা যেমন বলব তেমনি সুন্দর কাজও করে যাব। আমরা সুন্দর, শান্তিময়, সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। এক্ষেত্রে প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। তিনি মুক্তিযুদ্ধের মতো ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার অনুরোধ জানান।
অনুষ্ঠানের উদ্বোধন কালে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, এদেশে আমরা- আপনারা বলতে কোন কথা নেই। আমরা সবাই বাংলাদেশের মানুষ। আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার আছে। আমরা সরকারের দায়িত্বে থাকাকালীন অবস্থায়, শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আমাদের মধ্যকার ঐক্যকে রক্ষায় বদ্ধপরিকর।

বাংলাদেশ সময়: ২২:৫৩:০৪   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দর ও কলাগাছিয়ায় সিরাজুল মামুনের ব্যাপক গণসংযোগ
নির্বাচনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান
ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জামায়াত ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে : এ্যানি
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি
স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারী দলের ইতিহাস বিকৃতিতে জাতি স্তব্ধ: মাহদী আমিন
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
নির্বাচিত হওয়ার আগেই তারা সেনানিবাসে অস্ত্র নিয়ে প্রবেশ করতে চায় : দুলু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ