রমজানকে সামনে রেখে পাম তেল সরবরাহে মালয়েশিয়াকে অনুরোধ বাংলাদেশের

প্রথম পাতা » অর্থনীতি » রমজানকে সামনে রেখে পাম তেল সরবরাহে মালয়েশিয়াকে অনুরোধ বাংলাদেশের
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪



রমজানকে সামনে রেখে পাম তেল সরবরাহে মালয়েশিয়াকে অনুরোধ বাংলাদেশের

পবিত্র রমজান মাসের আগে মালয়েশিয়া সরকারের সহায়তায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বাংলাদেশে পরিশোধিত পাম তেল সরবরাহের জন্য যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মালয়েশিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশ।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন মালয়েশিয়ায় তার ২ দিনের সংক্ষিপ্ত সফরের ২য় দিন গতকাল মালয়েশিয়ার প্লান্টেশন ও কমোডিটিস মন্ত্রী ওয়াইবি দাতুক সেরি জোহারি বিন আবদুল গনি’র সাথে বৈঠকে এ অনুরোধ জানান।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মালয়েশিয়ার মন্ত্রী তার সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারি থেকে বাণিজ্যিক (বিটুজি) ভিত্তিতে বাংলাদেশে পরিশোধিত পাম ওয়েল সরবরাহের নিমিত্তে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার অনুরোধে সাড়া দিয়ে এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে আলোচনাপূর্বক দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণের জোরালো আশ্বাস দেন।

মালয়েশিয়ার মন্ত্রী উপদেষ্টাকে স্বাগত জানিয়ে নতুন দায়িত্বের জন্য তাকে অভিনন্দন জানান। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বাংলাদেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর চাহিদা, উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সম্পর্কে মালয়েশিয়ার মন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য, মালয়েশিয়া বিশ্বের ২য় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ এবং মালয়েশিয়ার অপরিশোধিত পাম তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে অন্যতম। বাংলাদেশ সরকারের বাণিজ্য উপদেষ্টা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ১ কোটি পরিবারের মধ্যে ন্যয্যমূল্যে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন দ্রব্যাদি সরবরাহে সরকারের গৃহীত পরিকল্পনার কথা তুলে ধরেন।

এছাড়াও বৈঠকে রাবার খাতের উন্নয়নে সহযোগিতা, সম্ভাব্য বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃক প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠায় সহযোগিতার বিষয়গুলি গুরুত্বসহকারে আলোচনা করেন।

বৈঠকে অন্যান্যদের মধ্যে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিন, মালয়েশিয়ার কৃষি ও পণ্যমন্ত্রীর প্রেস সচিব ইউসরিনুদ্দিন বিন আবদ করিমসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৬:২৯   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

অর্থনীতি’র আরও খবর


এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
পাঁচ কার্গো এলএনজি আমদানি করছে সরকার
আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী
অর্থনীতির বাস্তব চিত্র তুলে ধরবে ডিসিসিআই’র ইপিআই সূচক : তাসকীন আহমেদ
কৌশলগত অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদার করতে চায় বাংলাদেশ-ব্রাজিল
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে: অর্থমন্ত্রী
মে মাসের ১২ দিনেই এলো ১৬০ কোটি ডলার রেমিট্যান্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ