মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫



মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই-আগস্ট অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ রোববার দুপুরে বঙ্গভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপ্রধান সাংবাদিকদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করারও অনুরোধ করেন।

‘গণমাধ্যম হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ’ উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) সবক দেয়ার কিছু নেই … আপনারা যথেষ্ট বিবেকবান। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন।’

গুজব, অপপ্রচার, অপতথ্য ও বিকৃত তথ্য প্রচার প্রতিরোধে এবং এ বিষয়ে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকার ওপর জোর দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিকদের গৌরবময় অবদান তুলে ধরে তিনি বলেন, সমাজে সুবিচার, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় এবং মানুষের মানবিক মর্যাদা সমুন্নত রাখতে সাংবাদিক সমাজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

তিনি সরকারের গঠনমূলক সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দেয়ার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিক নেতৃবৃন্দকে আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল ডিআরইউ’র প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

এ সময় তারা ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম তুলে ধরেন এবং সাংবাদিকদের কল্যাণে গৃহীত নানা কর্মসূচি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩৭:২১   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ