ফের উত্তপ্ত মণিপুর, ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফের উত্তপ্ত মণিপুর, ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ
রবিবার, ৮ জুন ২০২৫



ফের উত্তপ্ত মণিপুর, ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর। আরমবাই তেঙ্গোল (এটি) গোষ্ঠীর সদস্য কানন মেইতেইকে গ্রেপ্তারের ঘটনায় উত্তেজনা ছড়ানোর পর রাজ্যটির ৫ জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে সেখানকার সরকার।

শনিবার (৭ জুন) রাত থেকে এ কারফিউ কার্যকর হয়েছে। খবর এনডিটিভির।

ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, মণিপুরের বিষ্ণুপুর, কাকচিং, থোউবল, ইম্ফল ইস্ট ও ইম্ফল ওয়েস্ট— এই পাঁচ জেলা জুড়ে অনির্দিষ্টকালের জন্য চারজন বা ততোধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, পাঁচ জেলাতেই পাঁচ দিনের জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং মণিপুর পুলিশের যৌথ অভিযানে ইম্ফল ওয়েস্ট থেকে এটি’র কথিত ‘আর্মি চিফ’ কানন মেইতেইকে গ্রেপ্তার করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই শত শত মানুষ রাস্তায় নেমে পুলিশের গাড়িবহর থামিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ।

আরমবাই তেঙ্গোল হলো একটি সশস্ত্র চরমপন্থি মেইতেই গোষ্ঠী, যা ২০২৩ সালের ৩ মে রাজ্যে জাতিগত সংঘর্ষ শুরুর পর বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে।

থোউবল জেলার জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা এক আদেশে বলা হয়েছে, ইম্ফল ওয়েস্টে এটি’র সদস্য গ্রেপ্তারের প্রতিবাদে থোউবল জেলায় বিক্ষোভের আশঙ্কা রয়েছে, যা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। এজন্য জেলার মধ্যে চারজন বা ততোধিক ব্যক্তির জমায়েত, আগ্নেয়াস্ত্র, তরবারি, লাঠি, পাথর বা অন্যান্য অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। একই ধরনের আদেশ ইম্ফলের আরও তিনটি জেলাতেও জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের মে মাস থেকে শুরু হওয়া কুকি-জো ও মেইতেই জনগোষ্ঠীর সংঘাতে এখন পর্যন্ত প্রায় ২৫০ জন নিহত হয়েছেন। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির শাসন জারি করা হয় মণিপুরে।

এনআইএ এরই মধ্যে সহিংসতা ও পুলিশ অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের ঘটনায় অন্তত দুটি মামলা করেছে।

বাংলাদেশ সময়: ১৪:৫৮:০৫   ২৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল
‘ঔপনিবেশিক’ পশ্চিমাদের চেয়ে আফ্রিকার ভালো অংশীদার রাশিয়া : পুতিন
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
ইসরায়েলে আরব দলগুলো এবার রেকর্ড আসন জিততে পারে
বড় বিপর্যয়ের মুখে নেতানিয়াহু: ক্ষমতা হারানোর শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
লুলার ‘ঐতিহাসিক বিজয়’-এ বিশ্বনেতাদের অভিনন্দন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা মারা গেছেন
উন্নত ভবিষ্যৎ গড়তে বৈশ্বিক সুশাসন ফোরামের আয়োজন চীনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ