বন্দরে ছেলের ওপর প্রতিশোধ নিতে বাবাকে কুপিয়ে হত্যা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে ছেলের ওপর প্রতিশোধ নিতে বাবাকে কুপিয়ে হত্যা
রবিবার, ২২ জুন ২০২৫



বন্দরে ছেলের ওপর প্রতিশোধ নিতে বাবাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছেলের ওপর প্রতিশোধ নিতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করেছে আবদুল কুদ্দুস (৫৯) নামে এক ব্যক্তিকে। শনিবার (২১ জুন) রাত ৮টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ হাফেজিবাগ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কুদ্দুস ওই এলাকার স্থায়ী বাসিন্দা এবং রনি-জাফর গ্রুপের সদস্য পারভেজের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য, মাদক নিয়ন্ত্রণ ও বন্দর বাসস্ট্যান্ডের অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে বিএনপি সমর্থিত দুই গ্রুপ—বাবু-মেহেদী ও রনি-জাফর গ্রুপের মধ্যে দফায় দফায় উত্তেজনা চলছিল। শুক্রবার (২০ জুন) বিকেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হন।

স্থানীয়দের অভিযোগ, দুইটি গ্রুপ বিএনপির বহিস্কৃত নেতা ও সাবেক কাউন্সিলর হান্নান সরকারের অনুসারী হলেও এই সংঘর্ষে তিনি বাবু-মেহেদী গ্রুপের পক্ষ নিয়েছিলেন। রনি-জাফর গ্রুপের সদস্য পারভেজের বাবা আবদুল কুদ্দুস চা খেতে বন্দর স্ট্যান্ডে গেলে তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। ছেলেকে না পেয়ে প্রতিপক্ষ পারভেজের বাবাকে হত্যা করে বলে স্থানীয়রা জানান।

রনি-জাফর গ্রুপের নেতা জাফর বলেন, “আমি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার একজন কর্মী। বাবু-মেহেদী গ্রুপ আশার নাম ভাঙিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে। আমি এর প্রতিবাদ করায় হান্নান সরকারের নির্দেশে তারা আমাকে হত্যার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় পারভেজের বাবাকে হত্যা করেছে।”

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ১১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “পূর্ব বিরোধ ও প্রতিশোধের জেরে কুদ্দুসকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে।”

বাংলাদেশ সময়: ০:৩০:৩৮   ৩২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ী পৌরসভায় দুদকের হানা,অভিযুক্ত সাবেক মেয়র
দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
নারায়ণগঞ্জ জেলা দাবা চ্যাম্পিয়নশিপের সনদ পেলেন প্রতিযোগীরা
নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক
সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন
প্রধানমন্ত্রী ঘোষিত স্টার্টআপ তহবিল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে : রাসিক প্রশাসক
জুলাই সনদ নিয়ে সমাধান হতে হবে সংসদে, লং মার্চ করে নয়: রিজভী
গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে যুবকদের দেশপ্রেম জরুরি - আসাদুল হাবিব দুলু
জনস্বাস্থ্য সুরক্ষায় বিজ্ঞানভিত্তিক নীতি ও সমন্বিত উদ্যোগ জরুরি - পরিবেশ প্রতিমন্ত্রী
নবীন কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ