ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫



ডাকসু জাতীয় নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসুতে অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, এটা জাতীয় নির্বাচনের জন্য একটা মডেল হিসেবে কাজ করবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আজকের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় নির্বাচনের প্রস্তুতি, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। মাদক, চুরি, ছিনতাই, ডাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, রোহিঙ্গা ও সাগরের ইলিশ মাছ এসব নিয়েও আলোচনা করেছি। বিশেষ করে মাদক নিয়ে বেশি আলোচনা হয়েছে।

ডাকসু নির্বাচন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গতকাল (সোমবার) ডাকসু নিয়ে উপাচার্যের সঙ্গে আলোচনা হয়েছে। তারা খুব ভালো প্রস্তুতি নিয়েছে। আমরাও আশা করছি খুব ভালো একটা নির্বাচন হবে। মিডিয়াতে দেখেছি ভালোভাবেই নির্বাচন হচ্ছে।

ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের মডেল হবে কি না– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা ডাকসুতে ভোট দিচ্ছে তারা সবাই শিক্ষিত সমাজের। আর জাতীয় নির্বাচন একেবারেই ভিন্ন বিষয়। দুইটা মিলিয়ে ফেললে হবে না। তবে এটা নির্বাচনের মডেল হিসেবে কাজ করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার তারা সবাই উচ্চশিক্ষায় শিক্ষিত। জাতীয় পর্যায়ে কিন্তু এরকম হবে না, এটা হচ্ছে একটা মডেল। অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে, অবশ্যই এটা একটা মডেল। আমরা আশা করব নির্বাচনটা যেন ভালোভাবে হয়।

ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা হতে পারে কি না, এরকম কোনো তথ্য আপনাদের কাছে আছে কি না? জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে ও ভোট দিচ্ছে। সকালে মিডিয়াতে ডাকসু নির্বাচন নিয়ে খবর দেখে মনটা ভালো হয়ে গেছে।

জাতীয় নির্বাচন নিয়ে কী নির্দেশনা দিলেন– জানতে চাইলে তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে মেইনলি আলোচনা করেছি আমাদের প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়ে। কীভাবে প্রস্তুতিটা নেব আর আমরা যে প্রশিক্ষণ গাইডলাইন করেছি সেটা যেন সবাই মেনে চলে।

নির্বাচন নিয়ে উপদেষ্টা বলেন, পুলিশসহ অন্যান্য বাহিনী তাদের প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। নির্বাচনে টাকা-পয়সা নিয়ে একটু ইয়ে ছিল, সেটা নিয়ে সন্ধ্যায় সচিবের সঙ্গে আবার বসব। সমস্যাটা কীভাবে সমাধান করা যায়।

বর্তমানে দেশে আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন কি না– এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগে কোনো ঘটনা ঘটলে সেটার খবর পেতে অনেক সময় লাগত, এখন কিন্তু প্রযুক্তির উন্নতির ফলে সঙ্গে সঙ্গে খবর পাওয়া যায়। এটা ভালো, তবে কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আমার মনে হয় নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সবচেয়ে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইলিশ নিয়ে তিনি বলেন, আপনারা জানেন যে এবার ইলিশের প্রজনন কমেছে। ভবিষ্যতে হয়ত বাড়বে। এটা নিয়ে কীভাবে কী করা যায়, আমাদের যারা ট্রলার চালায় তারা এমন এক নতুন প্রযুক্তি এনেছে সেটাতে পোনামাছসহ সবকিছু চলে আসে। এটা যাতে বন্ধ করা যায় সেসব বিষয়ে আলোচনা করেছি।

বাংলাদেশ সময়: ১৬:২৫:৫১   ২০০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দক্ষ ও প্রযুক্তিনির্ভর সিভিল সার্ভিস গড়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
পলাতক শেখ হাসিনা কীভাবে পাসপোর্ট-এনআইডি পাবেন : রিজভী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী
জলবায়ু তহবিলের অর্থ সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানোর দাবি
পঞ্চগড়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ মৎস্য ও প্রনিসম্পদ প্রতিমন্ত্রীর
গোয়েন্দা অফিসের সামনেই ককটেল বিস্ফোরণ, তারা কী করে: শফিকুর রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ