নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম উপদেষ্টার
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫



নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম উপদেষ্টার

নির্বাচন বাধাগ্রস্ত হয় এমন উত্তেজনা তৈরি করা থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন কনফারেন্স-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ অনুরোধ জানান। ইন্টারন্যাশনাল কোরআন রিসাইটেশন এসোসিয়েশন (ইকরা) এই অনুষ্ঠানের আয়োজন করে।

উপদেষ্টা বলেন, ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ কাউকে দেওয়া হবে না। ধর্মের বিষয়ে শুধু প্রকৃত আলেম-ওলামাদের ব্যাখ্যা গ্রহণযোগ্য। কোনো অপব্যাখ্যাকে গ্রহণ করা হবে না। তিনি বলেন, আমরা এমন কোনো কাজ করবো না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। এমন কোনো কাজ করবো না যাতে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ব্যাহত হয়। আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব, সচেতনভাবে পা ফেলব।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। প্রতিবছরই বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এদেশের হাফেজ ও ক্বারীরা পুরস্কার নিয়ে আসছে। এটি আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের অধীনে দ্বীনি দাওয়াত বিভাগ যে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিযোগী নির্বাচন করে সেটা নিখুঁত হওয়ার কারণেই আমরা আন্তর্জাতিক পুরস্কার পেয়ে আসছি। এজন্য তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া হাফেজ, ক্বারী, ইমাম ও মুয়াজ্জিনদের কি কি সুযোগ-সুবিধা বৃদ্ধি করা যায়, সে বিষয়ে চেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন তিনি।

ড. খালিদ বলেন, ইসলাম, আল্লাহ, কোরআন, হাদিস, কবর, হাশর, জান্নাত, জাহান্নাম, শরিয়ত, মারফত, হকিকত প্রভৃতির ব্যাখ্যা দেবেন হাক্কানী আলেম-ওলামারা। যাদের এ বিষয়ে জ্ঞান নেই, তারা শরিয়তের ব্যাখ্যা দিতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, উত্তেজনাও সৃষ্টি হতে পারে। ধর্মের অবমাননা হতে পারে। এমনকি কটূক্তিও হতে পারে। তিনি বলেন, কেউ আইনের উর্ধ্বে নয়। আমরা আইন মেনে চলব। আমরা কেউ আইন হাতে তুলে নেব না, বিচারের ভার নিজের হাতে নেব না। বিচারের জন্য আইন আছে, আদালত আছে, সরকার আছে। সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অনুরোধ জানান তিনি।

ইকরার সভাপতি শেখ ক্বারী আহমেদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব তানভীর আহমেদ, পুলিশের বিশেষ শাখার ডিআইজি এজাজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হারুনুর রশিদ বিশেষ অতিথির বক্তৃতা করেন। সম্মেলনে বাংলাদেশে বিভিন্ন বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত, মিশন প্রধান, প্রসিদ্ধ ক্বারীসহ আলেম-ওলামারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২২:২৪:২৯   ৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ