মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫



মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

দেশের উন্নয়ন দৃষ্টিভঙ্গি মেগা প্রকল্পকেন্দ্রিক চিন্তা থেকে সরিয়ে মানুষের মৌলিক চাহিদার দিকে ফেরানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, নিরাপদ খাবার পানি, স্যানিটেশন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজন। যেখানে মানুষের খাবার পানি নেই, সেখানে হাজার কোটি টাকার অবকাঠামো নির্মাণ নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ।

শনিবার রাজধানীর ঢাকা স্ট্রিমের সম্মেলন কক্ষে জলবায়ু সহনশীল ওয়াশ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, সেবা খাতের টেকসই উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আর্থিক সক্ষমতা ও কার্যকর ক্ষমতা দিতে হবে। স্থানীয় সরকার শক্তিশালী না হলে মানুষের দোরগোড়ায় মৌলিক সেবা পৌঁছানো সম্ভব নয়।

উপকূলীয় অঞ্চল, পার্বত্য চট্টগ্রাম ও বরেন্দ্র অঞ্চলের উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব এলাকায় এখনো বিপুলসংখ্যক মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। এই বাস্তবতায় বড় বড় সড়ক বা সেতু নির্মাণকে অগ্রাধিকার দেওয়া যুক্তিযুক্ত নয়।

তিনি খুলনা অঞ্চলে ডিপ টিউবওয়েলের বিকল্প হিসেবে বৃষ্টির পানি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বরেন্দ্র অঞ্চলে পানির সংকট মোকাবিলায় ফসলের ধরন পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

শিল্প দূষণ রোধে আইন প্রয়োগের দুর্বলতার কঠোর সমালোচনা করে উপদেষ্টা বলেন, অপরিকল্পিত প্রকল্প গ্রহণ পরিবেশ সংকটকে আরও গভীর করছে।

তুরাগ নদীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই নদী রক্ষায় দ্রুত ও সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে জাতীয় বাজেটে মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে নদীভাঙন রোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপদ পানি সরবরাহে অর্থ ব্যয়ের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, সিইজিআইএসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বিসের গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ ড. মাহফুজ কবীর, ডর্প-এর চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, ঢাকা স্ট্রিমের সম্পাদক ইফতেখার মাহমুদ।

বাংলাদেশ সময়: ২৩:১৯:২১   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে সিপিবি নেত্রীর মৃত্যু
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
সোনারগাঁয়ে নগদ ডিস্ট্রিবিউশন হাউজে ফিল্মি কায়দায় ডাকাতি, লুট প্রায় কোটি টাকা
ফতুল্লায় খাল খনন কার্যক্রম উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ
বিএনপি পরিচয়ে চাঁদাবাজি করলে দলে রাখা হবে না : আমানউল্লাহ
বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা পাইনি : শিক্ষামন্ত্রী
কলা গাছের ডাটা কাটাকে কেন্দ্র করে সরিষাবাড়ীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৫
ফরিদপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ এর শুভ উদ্বোধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ