বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬

২০২১ সালের পর ফাইনালে সিটি

প্রথম পাতা » খেলাধুলা » ২০২১ সালের পর ফাইনালে সিটি
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



২০২১ সালের পর ফাইনালে সিটি

কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়ে এগিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় লেগেও নিউক্যাসলকে হারিয়েছে সিটি। এবারের ব্যবধান ৩-১। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জিতে ২০২১ সালের পর আবারও টুর্নামেন্টটির ফাইনালে উঠলো পেপ গার্দিওলার দল।

ঘরের মাঠে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েছে সিটি। ৬৩ শতাংশ বল দখলের পাশাপাশি ১৮টি শট নিয়েছে তারা। প্রথম হাফেই তিন গোলে এগিয়ে যায় সিটি।

ম্যাচের সপ্তম মিনিটে ওমর মারমাউস প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে সিটিকে এগিয়ে দেন। ২৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিশরীয় তারকা। দ্বিতীয় গোলটি হেডে করেন মারমাউস।

প্রতিপক্ষের ওপর চাপ ধরে রেখে ৩২তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে স্বাগতিকরা। বক্সের ভেতর থেকে নিচু শটে গোলটি করেন ডাচ মিডফিল্ডার রেইন্ডার্স। দ্বিতীয়ার্ধে তুলনামূলক ভালো খেলে নিউক্যাসল। ৬২তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান কমান এলাঙ্গা। তবে তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে হার নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বর্তমান চ্যাম্পিয়ন নিউক্যাসল।

২০২১ সালের পর আবারও লিগ কাপ জয়ের খুব কাছে ম্যানচেস্টার সিটি। আগামী ২২ মার্চ ফাইনালে সিটির প্রতিপক্ষ আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১০:৫৬:৫৪   ১৩০ বার পঠিত