![]()
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, নির্বাচনে প্রতিপক্ষের সমালোচনা করা স্বাভাবিক, কিন্তু মিথ্যা বা প্রতারণামূলক বক্তব্য দেওয়া স্বাভাবিক বিষয় নয়। আমরা সাচ্চা মুসলমান, মিথ্যা কথা বলি না। আমাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস করি। তাই নির্বাচনে মিথ্যা কথা বলব না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরপুল এলাকায় অবস্থিত মোতালেব প্লাজা ফ্ল্যাট মালিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, প্রচারণায় আমি কোনো প্রকার গণ্ডগোল বা ঝগড়ায় জড়াব না। তবে নির্বাচনের পরে প্রয়োজনে লড়াই করতে প্রস্তুত আছি। এই দেশের মানুষ অনেক কষ্টে, রক্ত ও ত্যাগের বিনিময়ে ভোটের অধিকার অর্জন করেছে।
আশা করি, ভোটের অধিকার যথাযথভাবে প্রয়োগ করবেন। ভোটিং সেন্টারে রেজাল্ট পাওয়া পর্যন্ত আমাদের উপস্থিতি বজায় রাখতে হবে।
এ সময় তিনি জানান, নির্বাচনী প্রচারণায় নিজের করা কাজ এবং ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরবেন। অন্য কোনো দলের নেতা বা প্রার্থীদের নিয়ে অশুভ বা নোংরা ভাষা ব্যবহার করবেন না।
তিনি ভোটারদের সততা ও সত্যনিষ্ঠার সঙ্গে ভোট দেওয়ার আহ্বানও জানান।
বাংলাদেশ সময়: ২১:৩৫:৩৮ ১৩ বার পঠিত