
জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও এর বিরুদ্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পঞ্চপীর বাজার চত্বরে ‘৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও সচেতন মহল’-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে বাউসী পঞ্চপীর এলাকায় মাদকের বিস্তার মারাত্মক রূপ ধারণ করেছে। এর ফলে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্যই এলাকাবাসী একত্রিত হয়ে রাজপথে নেমে আসেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল বারী মিলেটারি, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক সুজাউদ্দৌলা, জলবায়ু বিষয়ক সম্পাদক ও সাবেক কাউন্সিলর সুরুজ্জামান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুজন সর্দার এবং সাংগঠনিক সম্পাদক রিপন ফকির প্রমুখ।
বক্তারা বলেন, মাদক যুবসমাজকে গ্রাস করে ফেলছে। এলাকার উঠতি বয়সি যুবকরা মাদকের নেশায় আসক্ত হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অবিলম্বে এসব মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।
শান্তিপূর্ণ এই মানববন্ধনে ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বয়সের শত শত সচেতন নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় তারা এলাকায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে প্রশাসনের আশু হস্তক্ষেপ ও কঠোর পদক্ষেপ কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৮:৫৯:৪৮ ১৯ বার পঠিত