রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

প্রথম পাতা » আন্তর্জাতিক » প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ
রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬



প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত স্পেন ও পর্তুগাল, ঘরছাড়া ১১ হাজার মানুষ

আটলান্টিক থেকে আসা একের পর এক শক্তিশালী ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে স্পেন ও পর্তুগাল। অতিবৃষ্টি, তুষারপাত ও তীব্র বাতাসের কারণে আইবেরিয়ান উপদ্বীপের এই দুই দেশে এ পর্যন্ত অন্তত পাঁচজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। সবশেষ মার্টা নামের ঝড়ের কবলে পড়ে জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং দুই দেশের কৃষিখাতে কয়েক কোটি ইউরোর ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার স্পেনের উত্তর অংশে তুষারপাতের সময় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে এক স্নোপ্লো চালকের মৃত্যু হয়।
অন্যদিকে, পর্তুগালের ক্যাম্পো মাইওর এলাকায় নদীতে ডুবে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। গত এক সপ্তাহে লিওনার্দো ও মার্টা ঝড়ের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।

প্রাকৃতিক এই বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া অঞ্চল। সেখানে ১১ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
প্রবল বৃষ্টিতে স্পেনের অন্তত ১৭০টি রাস্তা বন্ধ হয়ে গেছে এবং পর্তুগালে রেল পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এমনকি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে লা লিগার সেভিলা বনাম গিরোনার মধ্যকার গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচটিও স্থগিত করা হয়েছে।

পর্তুগালের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ে কৃষি ও বন খাতে প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো (৮৯০ মিলিয়ন ডলার)। স্পেনের কৃষকরা জানিয়েছেন, হাজার হাজার হেক্টর জমির ব্রকলি, গাজর ও ফুলকপি এখন পানির নিচে।
কৃষক সংগঠনের পক্ষ থেকে এই পরিস্থিতিকে প্রাকৃতিক মহাবিপর্যয় হিসেবে বর্ণনা করে সরকারের কাছে জরুরি সহায়তার দাবি জানানো হয়েছে।

এদিকে, অতিরিক্ত জলাবদ্ধতার কারণে ভূমিধস ও ভূ-কম্পনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্দালুসিয়ার কিছু পাহাড়ি এলাকার বাসিন্দারা মাটি কাঁপার অভিযোগ করেছেন, যা খতিয়ে দেখতে বিশেষ বিশেষজ্ঞ দল মোতায়েন করেছে স্পেন সরকার। গুয়াদালকুইভির নদীর পানি বিপজ্জনক স্তরে পৌঁছে যাওয়ায় নদী তীরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় পর্তুগালে ২৬ হাজার ৫০০ উদ্ধারকর্মী নিয়োজিত করা হয়েছে।
ভয়াবহ পরিস্থিতির কারণে পর্তুগালের তিনটি শহরে রবিবারের (৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি নির্বাচনও স্থগিত করতে হয়েছে। আবহাওয়া দপ্তর থেকে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন আরো বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

সূত্র : রয়টার্স

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫৫   ৫৪ বার পঠিত