শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৮ লাখ টাকা ও স্বর্ণসহ ২ ডাকাত গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৮ লাখ টাকা ও স্বর্ণসহ ২ ডাকাত গ্রেপ্তার
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬



নারায়ণগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৮ লাখ টাকা ও স্বর্ণসহ ২ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জ ফতুল্লায় ডাকাতির প্রস্তুতি নিতে গিয়ে দুই ডাকাত পুলিশের হাতে আটক হয়েছে। তাদের কাছ থেকে ৮ লাখ টাকা নগদ, স্বর্ণালংকার এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা অলিউল্লাহ হাওলাদার (৩০) এবং জাকারিয়া হাওলাদার (২৮)।
দুজনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

এর আগে, শুক্রবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে ফতুল্লা মডেল থানার পুলিশ মুসলিমনগর নয়াবাজার এলাকায় টহল দিতে গিয়ে সন্দেহজনক একদল লোককে দেখে। পুলিশ ও স্থানীয়দের দেখে সাত থেকে আট জন ডাকাত দৌড়ে পালিয়ে যেতে থাকলে দুজনকে আটক করা হয়।

পুলিশ জানায়, ফতুল্লা থানার এএসআই মোজাম্মেল হক এবং এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটকদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, দুটি চাকু, একটি কাটার এবং একটি গ্যাস লাইটার উদ্ধার করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে ৮ লাখ টাকা নগদ, একটি স্বর্ণের চেইন (৪.৪৪ গ্রাম), একটি স্বর্ণের আংটি (২.১৬ গ্রাম) এবং বিভিন্ন ডিজাইনের ৪০ পিস কানের দুল (৩৩.১২ গ্রাম) জব্দ করা হয়েছে।

পুলিশ আরো জানায়, তারা ৭-৮ জন সহযোগীসহ পঞ্চবটি থেকে কাশিপুর রাস্তায় যানবাহন বেরিকেড দিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের লক্ষ্য ছিল মিশুক, অটো ও সিএনজি চালকসহ বিভিন্ন যাত্রীদের ওপর ডাকাতি চালানো। পুলিশ এসে পড়লে বাকিরা পালিয়ে যায়।

তবে উদ্ধার করা স্বর্ণ ও নগদ টাকা কোথা থেকে লুট করা হয়েছে, সে বিষয়ে তারা দুজন কোনো তথ্য দেয়নি।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী কালের কণ্ঠকে জানান, ফতুল্লা মডেল থানায় মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে দুজনকে। পাশাপাশি পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:১৬   ১৩২ বার পঠিত