শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আত্মত্যাগের ফল: ডিসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আত্মত্যাগের ফল: ডিসি
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬



বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আত্মত্যাগের ফল: ডিসি

বাংলা ভাষা ও মাতৃভাষার সম্পর্ক অবিচ্ছেদ্য উল্লেখ করে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, প্রত্যেক জাতির নিজস্ব ভাষা আছে। সেই ভাষায় কথা বলা, চিন্তা করা ও কাজ করার অধিকার রয়েছে। এ অধিকার কেড়ে নিতে চাইলেই প্রতিবাদ শুরু হয়। বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে টিকিয়ে রাখতে যে সংগ্রাম করতে হয়েছে, বিশ্বের অনেক ভাষার ক্ষেত্রে তেমনটা করতে হয়নি। এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই জাতিসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছে এবং ২০০০ সাল থেকে দিবসটি বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি-এর থিয়েটার হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলা ভাষা ও মাতৃভাষার সক্রিয় চর্চা নতুন করে ভাবতে হবে। সমাজ ও রাষ্ট্র উন্নত করতে হলে শৃঙ্খলা এবং ভাষার সৌন্দর্য প্রতিষ্ঠা জরুরি। যাদের ব্যক্তিত্বে সৌন্দর্য থাকে, তাদের সমাজ ও রাষ্ট্রেও সৌন্দর্য প্রতিফলিত হয়—তারাই শেষ পর্যন্ত উন্নত হয়।

জেলা প্রশাসক আরও বলেন, ভাষা মানুষের পারিবারিক ও ঐতিহাসিক পরিচয়ের অংশ। যার প্রাণ আছে, তার ভাষা আছে। ভাষার ওপর আক্রমণ হলে মানুষ প্রতিবাদ করে। ১৯৫২ সালে আমাদের ওপর জোর করে একটি ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সে সময় বাংলা ভাষাভাষীরা তা মেনে নেয়নি। বিশেষ করে ছাত্রসমাজ প্রতিবাদ মিছিল ও নানা কর্মসূচিতে অংশ নেয়। ২১ ফেব্রুয়ারি গুলিবর্ষণে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের রক্তের বিনিময়েই ভাষা আন্দোলন থেকে শুরু করে পরবর্তী আন্দোলন-সংগ্রামের পথ তৈরি হয় এবং মাতৃভাষার গৌরব অর্জিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, গণঅধিকার পরিষদ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৩   ৬ বার পঠিত