আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬



আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান

আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলার জেরে এ হামলা চালিয়েছে পাক বাহিনী।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি ও গোপন আস্তানা লক্ষ্য করে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এসব হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান তেহরিক-ই-তালেবান এবং সহযোগী সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি)-এর সাতটি সন্ত্রাসী প্রশিক্ষণ শিবির ও আস্তানায় ‘নির্বাচিত লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের এই পদক্ষেপকে দুই দেশের সম্পর্কে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। এর মাত্র কয়েক দিন আগে সৌদি আরবের মধ্যস্থতায় উত্তেজনা প্রশমনের উদ্যোগের অংশ হিসেবে কাবুল তিন পাকিস্তানি সেনাকে মুক্তি দেয়। দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তজুড়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার পর এই উদ্যোগ নেওয়া হয়েছিল।

পাকিস্তান সরকার জানিয়েছে, আফগানিস্তানের ভূখণ্ড কাজে লাগিয়ে পরিকল্পনা করা সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে রয়েছে ইসলামাবাদের একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণ এবং উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর ও বান্নু জেলায় সহিংসতা।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর একটি বহরে আত্মঘাতী হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সেনা নিহত হন। এর পরদিন সোমবার বাজাউরে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে একটি নিরাপত্তা চৌকিতে হামলায় ১১ জন সেনা ও এক শিশু নিহত হয়। কর্তৃপক্ষ জানায়, ওই হামলাকারী একজন আফগান নাগরিক।

এদিকে কাবুলের তালেবান প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি রয়টার্স।
তবে আফগানিস্তান বরাবরই পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ভেতরে হামলা চালানোর সুযোগ কোনো গোষ্ঠীকে দেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১:৫৫:৫৬   ১৮০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


সুবিধাজনক সময়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ হবে
তুরস্কে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, প্রাণ গেল ৪ সেনার
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
ব্রুকলিনে তিনতলা ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭
কলম্বিয়ায় বামপন্থীদের হত্যার ঘটনায় গণহত্যার অভিযোগে ৮ জনের বিচার শুরু
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কে ইরানের প্রেসিডেন্ট
জলবায়ু ন্যায়বিচারে নতুন চুক্তির আহ্বান গুতেরেসের
শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে আইন অনুযায়ী সমাধানের কথা জয়সওয়ালের
প্রথম দিনেই নেতানিয়াহু সরকারের বিতর্কিত আইন বাতিলের উদ্যোগ
পেজেশকিয়ানের ওপর চাপ বাড়াচ্ছে ইরানের কট্টরপন্থিরা, পররাষ্ট্রমন্ত্রীর অভিশংসন চায়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ