
২৬তম নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) উদ্বোধনী দিনে ‘ইয়েশার’ দলের নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন দলীয় জোট একাধিক বিল জমা দিয়েছে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃত্বাধীন হামলার ঘটনায় একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা নির্ধারণ এবং বিদায়ী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিচার বিভাগীয় সংস্কারের অংশ হিসেবে পাস হওয়া আইনগুলো বাতিলের প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।
আইজেনকোটের ‘ইয়েশার’ এবং ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ দল জানিয়েছে, তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের পাস করা একাধিক বিতর্কিত আইন বাতিলের প্রস্তাব জমা দিয়েছে। এসবের মধ্যে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্বকারী আইন, বিচারক নিয়োগ কমিটি-সম্পর্কিত আইন এবং যোগাযোগমন্ত্রী শলোমো কারহির গণমাধ্যম সংস্কার আইন বাতিলের প্রস্তাব রয়েছে।
প্রধানমন্ত্রীকে অক্ষম বা দায়িত্ব পালনে অনুপযুক্ত ঘোষণার বিধানসংক্রান্ত আইনে সরকারের আগের সংশোধনী বাতিলের প্রস্তাবও উত্থাপন করেছে ‘ইয়েশার’। এটি মূলত ২০২৩ সালের সেই বিতর্কিত আইনের দিকে ইঙ্গিত করে, যা প্রধানমন্ত্রীকে পদ থেকে সরে দাঁড়ানোর আদেশ দেওয়ার ক্ষেত্রে আদালতের ক্ষমতা রুদ্ধ করেছিল।
অন্যদিকে, ‘ডেমোক্র্যাটস’ দল ফৌজদারি মামলায় অভিযুক্ত ব্যক্তিদের দায়িত্বে আসীন হওয়া নিষিদ্ধ করার প্রস্তাব জমা দিয়েছে।
এছাড়া, ‘ইয়েশার’ দল ‘ডিপার্টমেন্ট ফর ইন্টারনাল পুলিশ ইনভেস্টিগেশনস’ (পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগ)-এর ওপর আইনমন্ত্রীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি প্রস্তাব পেশ করেছে।
এদিকে, ‘ডেমোক্র্যাটস’ দল শাবাত (সাপ্তাহিক ছুটির দিন)-এ গণপরিবহন চালু, দেওয়ানি বিয়ে (সিভিল ম্যারেজ), হারেনি (গোঁড়া ধর্মীয়) স্কুলগুলোর মর্যাদা নিয়ন্ত্রণ, মৌলিক আইনে সমতা প্রতিষ্ঠা এবং এলজিবিটিকিউ+ অধিকার সম্প্রসারণের মতো বিল জমা দিয়েছে।
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবরের বিপর্যয়ের বিষয়ে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনে বাধা দিয়ে আসছেন। তার যুক্তি, সুপ্রিম কোর্টের মনোনীত কোনো স্বাধীন প্যানেল সরকারের প্রতি পক্ষপাতদুষ্ট হতে পারে।
অন্যদিকে, বিরোধী দলগুলো নেতানিয়াহু ও তার সরকারকে বিপর্যয়ের দায় এড়ানোর চেষ্টার অভিযোগে অভিযুক্ত করে আসছে। ক্ষমতায় এলে তদন্ত কমিশন গঠন করাকে তারা তাদের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি বানিয়েছিল।
মঙ্গলবার (১০ নভেম্বর) উত্থাপিত প্রস্তাবগুলোর মূল উদ্দেশ্য ছিল বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সরকারের নিয়ন্ত্রণ বাড়াতে আগের সরকারের নেওয়া একাধিক পদক্ষেপ ও পাস করা আইন বাতিল করা।
উল্লেখ্য, এসব আইনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়েছিল।
বিচার বিভাগীয় সংস্কারের সমালোচকরা—যা যুদ্ধের সময় অনেকটাই স্থগিত ছিল এবং গত এক বছরে পুনরায় চালু হয়েছে—বলছেন, এটি গণতন্ত্রকে দুর্বল করছে এবং দেশের ‘চেকস অ্যান্ড ব্যালেন্স’ (ক্ষমতার ভারসাম্য) ব্যবস্থা নষ্ট করছে।
অন্যদিকে, এর সমর্থকরা দাবি করছেন, বিচারিক ক্ষমতার অপব্যবহার রোধে এটি একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
অ্যাটর্নি জেনারেলের দপ্তরের ক্ষমতা খর্ব করার আইনটি ২০২৭ সালের জানুয়ারিতে কার্যকর হওয়ার কথা। এটি কার্যকর হলে মন্ত্রীরা বাধ্যতামূলক সরকারি আইনি অবস্থান প্রত্যাখ্যান করার সুযোগ পাবেন, যার ফলে সরকারের ওপর ওই পদের কর্তৃত্ব কার্যত বিলুপ্ত হবে।
এছাড়া, অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারকের নেতৃত্বে গঠিত স্বাধীন কমিটির প্রস্তাবনার ভিত্তিতে মন্ত্রিসভার নিয়োগ প্রক্রিয়া তুলে দিয়ে এটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ ও বরখাস্তের ক্ষেত্রে সরকারি জোটকে কার্যকর নিয়ন্ত্রণ দেবে।
আগের নেসেট কর্তৃক সকল বিচারক নিয়োগের দায়িত্বপ্রাপ্ত নয় সদস্যের প্যানেলে অনুমোদিত পরিবর্তনগুলোর মধ্যে ছিল ‘ইসরাইল বার অ্যাসোসিয়েশন’-এর দুই প্রতিনিধিকে অপসারণ করে তাদের পরিবর্তে জোটের মাধ্যমে সরাসরি মনোনীত একজন এবং বিরোধী দলের মাধ্যমে মনোনীত একজন আইনজীবীকে যুক্ত করা। নতুন এই ব্যবস্থায় নিম্ন আদালতের নিয়োগে সরকারি জোট, বিরোধী দল ও বিচার বিভাগের রাজনৈতিক প্রতিনিধিদের ভেটো ক্ষমতার বিধান রাখা হয়—যেখানে আগের ব্যবস্থায় কারও একচ্ছত্র ভেটো দেওয়ার ক্ষমতা ছিল না।
এছাড়া, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের ক্ষেত্রে কমিটিতে থাকা তিন বিচারকের প্রভাব পুরোপুরিভাবে দূর করা হয় এবং জোট ও বিরোধী—উভয় পক্ষকে ভেটো দেওয়ার ক্ষমতা দেওয়া হয়।
যদি সুপ্রিম কোর্টে দুটি পদ শূন্য থাকে এবং জোট ও বিরোধী উভয় পক্ষ এক বছর ধরে পরস্পরের মনোনীতদের বিরুদ্ধে ভেটো দেয়, তবে আইনমন্ত্রী একটি ডেডলক-ব্রেকিং (অচলাবস্থা নিরসন) প্রক্রিয়া চালু করতে পারবেন। এর মাধ্যমে উভয় পক্ষ তিনজন করে প্রার্থী মনোনীত করবে এবং অন্য পক্ষ সেখান থেকে অন্তত একজনকে বেছে নেবে।
হাইকোর্ট ২০২৪ সালে বিতর্কিত ‘অপসারণ আইন’-এর বাস্তবায়ন পরবর্তী নির্বাচনের পর পর্যন্ত স্থগিত করেছিলেন। আদালত রায় দেন যে আইনটি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য পাস করা হয়েছিল। ফলে নেসেট এটি বাতিল না করা পর্যন্ত এটি আইন হিসেবেই গণ্য হবে।
শীর্ষ আদালত পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগ পুনর্গঠনসংক্রান্ত আইনের বাস্তবায়নও স্থগিত করেছেন এবং দুটি নতুন নিয়োগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বিতর্কিত এই আইনটি আইনমন্ত্রীকে বিভাগের পরিচালক নিয়োগের নিয়ন্ত্রণ দেয়। একইসঙ্গে সংস্থাটির সঙ্গে স্টেট অ্যাটর্নি অফিসের তদন্তসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য বিভাগে রাজনৈতিকভাবে মনোনীত নতুন একজন কর্মকর্তার পদ তৈরি করে।
এদিকে, কারহির গণমাধ্যম সংস্কার বিলটি—যা হাইকোর্ট কর্তৃক আংশিক স্থগিত—গণমাধ্যম নিয়ন্ত্রণ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ইসরাইলের ব্রডকাস্ট মিডিয়া ও সংবাদ খাতের ওপর সরকারি নিয়ন্ত্রণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। এটি দীর্ঘদিনের তদারকি ব্যবস্থা, ন্যূনতম সাংবাদিকতার মান, মূল ইসরাইলি প্রযোজনায় বিনিয়োগের বাধ্যবাধকতা এবং ক্রস-মালিকানার (একই মালিকের একাধিক মাধ্যম) ওপর বিধিনিষেধ তুলে দেয়। এটি টেলিভিশন রেটিং এবং সরকারি বিজ্ঞাপন বরাদ্দের ক্ষেত্রেও সরকারকে বৃহত্তর প্রভাব বিস্তারের সুযোগ দেয়।
সূত্র : টাইমস অব ইসরাইল
বাংলাদেশ সময়: ১০:৪৮:০১ ৩ বার পঠিত #ইসরাইলের বিচার বিভাগীয় সংস্কার #গাদি আইজেনকোট #নেসেট #বেনিয়ামিন নেতানিয়াহু