![]()
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। দলীয় পরিচয়ে মারামারি ও বন্দুকবাজি বন্ধ করতে হবে। এগুলো করে কোনো লাভ হয় না। শুধু হাসপাতালে যেতে হয় এবং মামলা হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান, সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে এই রমজান মাসে জনগণের পাশে থাকবেন। কোনো উল্টাপাল্টা ও কোনো দুই নম্বর কাজে যদি কাউকে জড়িত হতে দেখি, তাহলে আইন আইনের গতিতে চলবে। আমার দায়িত্ব সবার জন্য।
যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা ভোট দেননি-আমি সবার। আমি শুধু বিএনপির এমপি নই।
শামা ওবায়েদ বলেন, আপনাদের মেয়ে হিসেবে আমি আজ এখানে এসেছি। এখনো এমপি বা মন্ত্রী হিসেবে আসিনি।
আপনাদের সন্তান হিসেবে, আপনাদের মেয়ে হিসেবে সবসময় আপনাদের সঙ্গে কথা বলি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সন্তান ও মেয়ে হিসেবে থাকতে চাই। আর কোনো পরিচয় আমার দরকার নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ এখানে প্রশাসন ও পুলিশ বাহিনীর সদস্যরা আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব- আপনারা জনগণের পাশে থাকবেন, জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কোথাও কোনো সমস্যা হলে তা নিরসনে সহযোগিতা করবেন।
শামা ওবায়েদ তার বাবা প্রয়াত ওবায়দুর রহমানের কথা স্মরণ করে বলেন, এই এলাকার যত মানুষ আছেন, সবার পাশে আমার বাবা সারাজীবন ছিলেন। তিনি এমপি থাকাকালীন ছিলেন, মন্ত্রী থাকাকালীন ছিলেন, এমনকি যখন কিছুই ছিলেন না, তখনও আপনাদের পাশে ছিলেন। সুতরাং আমিও এলাকার মানুষের পাশে আছি, সবার পাশে আছি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য কাজ করা আমার দায়িত্ব। আল্লাহ তায়ালা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি, সে জন্য আপনারা দোয়া করবেন।
শামা ওবায়েদ বলেন, আমাদের সরকার শপথ নেওয়ার ১১–১২ দিনের মধ্যেই বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার এসেছে, তার ১১ দিনের মাথায় সারা বাংলাদেশে পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালু হচ্ছে। ধীরে ধীরে দেশের প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে এই ফ্যামিলি কার্ড ছড়িয়ে পড়বে।
শামা ওবায়েদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের ঘোষণা দিয়েছেন। প্রায় ১১–১২ লাখ কৃষক এর সুবিধা পাবেন। এতে কৃষকদের মাথার ওপরের ঋণের বোঝা কমবে এবং তারা আরো মনোযোগ দিয়ে কৃষিকাজ করতে পারবেন। ইনশাআল্লাহ, আগামী দিনেও আমরা এ ধরনের কাজ চালিয়ে যাব।
শামা ওবায়েদ বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজিকে না বলতে হবে। মাদককে না বলতে হবে। সালথা উপজেলার মাটিতে কোনো ধরনের অন্যায় আমি হতে দেব না। কেউ অন্যায় করলে আইন আইনের গতিতে চলবে। কোনো তদবির নিয়ে আমার কাছে আসবেন না। দেশে আইন আছে, আদালত আছে, তারাই বিচার করবে।
দোয়া ও ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহসভাপতি মো. শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বল্লভদী ইউপি চেয়ারম্যান সাইফুর রহমান শাহিন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১:৫৭:২৭ ১০ বার পঠিত