![]()
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় দুই থেকে আড়াই কোটি পরিবার ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আসবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, দেশের আনুমানিক ১৮ কোটি জনসংখ্যাকে ৫ সদস্যের পরিবার হিসেবে বিবেচনা করলে মোট পরিবারের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে ৪ কোটি। এই বিশাল জনগোষ্ঠীর সঠিক তথ্য পেতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। আমরা প্রতিটি পরিবারের দরজায় দরজায় গিয়ে তথ্য সংগ্রহ করছি। প্রশাসনকে জনগণের সেবায় এমনভাবে নিয়োজিত করা হয়েছে যে, কর্মকর্তারা সরাসরি মানুষের বাড়ি গিয়ে তথ্য নিচ্ছেন।
তিনি বলেন, প্রথম দিকে হতদরিদ্র, তারপরে দরিদ্র এবং পরে নিম্নবিত্ত। পরে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরাও কার্ড পাবে। কার্ড পাওয়াটা প্রতিটি নাগরিকের অধিকার। ভবিষ্যতে সবাই এই সুবিধার আওতায় আসবে।
দিনাজপুর জেলার উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই অঞ্চলের অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার পরিবারের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনাজপুরের প্রতি বিশেষ টান রয়েছে এবং যেকোনো সময় তিনি এই জেলা সফরে আসতে পারেন।
দিনাজপুরের নবাবগঞ্জে ৭ বছরের এক শিশুকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেন মন্ত্রী। তিনি বলেন, এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
বাংলাদেশ সময়: ২৩:০৫:৪৬ ৭ বার পঠিত